স্বতন্ত্র প্রার্থীদের পিটানোর নির্দেশ
স্টাফ রিপোর্টার
মতলব দক্ষিণে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এক উঠান বৈঠকে প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীদের পিটানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান সেলিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হওয়া সরকার দলীয় প্রার্থীর এমন হুমকির বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে গত ৭ নভেম্বর লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
অভিযোগপত্র থেকে জানা যায়, উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান সেলিম গত ৪ নভেম্বর সন্ধ্যায় নিজ বাড়ির আঙিনায় স্থানীয় উপস্থিত লোকজনের উদ্দেশে বলেন, ‘আমার বাইরে আরো ৫ জন স্বতন্ত্র প্রার্থী আছে। তাদের যেখানেই পাবেন সেখানেই পিটাইবেন, আমি নির্দেশ প্রদান করলাম। আমি আপনাদের সাথে থাকবো।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর এমন বক্তব্য ফেসবুকে ভাইরাল হওয়ার পর ওই স্বতন্ত্র প্রার্থীরা হুমকির অভিযোগ এনে রিটার্নিং অফিসার বরাবর অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে স্বতন্ত্র প্রার্থীরা আরো বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্বাচনী আচরণ বিধি না মেনেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। পেশীশক্তির জোরে প্রকাশ্যে হুমকি দেওয়ার বিষয়টি স্বতন্ত্র প্রার্থীরা নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণা এবং পরিবার-পরিজনদের জানমাল রক্ষায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন।
স্বতন্ত্র প্রার্থীদের প্রকাশ্যে হুমকি দেওয়ার বিষয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান সেলিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি শুনেছি আমার বিরুদ্ধে তারা অভিযোগ দিয়েছে। অভিযোগের সব কথা সত্য নয়। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও’র বিষয়ে মিজানুর রহমান সেলিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি একটু ব্যস্ত সময় পার করছি, এ বিষয়ে পরে কথা হবে।
অভিযোগের বিষয়ে নায়েরগাও উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাহের ভূঁইয়া মুঠোফোনে জানান, এক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে বলে শুনেছি। নির্বাচন বিষয়ে ট্রেনিং থাকার কারণে ওই অভিযোগ পত্র এখনো দেখতে পাইনি।
জানা যায়, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে মোট ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মোল্লা, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল পাটোয়ারী নিলয়, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল মান্নান সরকার এবং এনামুল হক। সরকার দলীয় মনোনীত প্রার্থীর প্রকাশ্যে হুমকির বিষয়ে এই চার স্বতন্ত্র প্রার্থী রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাও. মো. জাহিদুল ইসলাম কোন অভিযোগ করেননি।
০৯ নভেম্বর, ২০২১।
