নিজের ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন মেয়র জুয়েল

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভা নির্বাচন শেষ হতে না হতে নিজের নির্বাচনী ব্যানার ফেস্টুন নিজের হাতেই অপসারণ করে দৃষ্টান্ত দেখালেন পৌরসভার নব-নির্বাচিত মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। তার এমন উদ্যোগ বেশ প্রশংসিত হয়েছে সর্বমহলে।
রোববার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় শহরের বেগম মসজিদের মার্কেটের সামনে জেএম সেনগুপ্ত রোডে সাঁটানো নৌকার ব্যানার-পোস্টার নিজে দাঁড়িয়ে থেকে নামিয়ে ফেলেছেন নব-নির্বাচিত মেয়র জিল্লুর রহমান জুয়েল। পরে তার নির্দেশে তার প্রতিষ্ঠিত সংগঠন কিউআরসি’র সদস্যরা পুরো পৌরসভার পাড়া মহল্লার ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়।
জিল্লুর রহমান জুয়েল বলেন, নির্বাচন শেষ। শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে আমার নৌকা প্রতীকের ব্যানার ফেস্টুন খুলে ফেলছি। আমি অনুরোধ করবো, সব প্রার্থী যেন তাদের নিজ দায়িত্বে তাদের ব্যানার ফেস্টুনগুলো সরিয়ে ফেলে। ২৪ ঘণ্টার মধ্যে তার নিজ প্রতিষ্ঠিত কিউআরসি সংগঠনকে পৌর এলাকায় সাঁটানো নৌকার সব ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী ও আওয়ামী লীগ নেতা অ্যাড. সাইফুদ্দিন বাবুসহ আরো অনেকে।
উল্লেখ্য, নির্বাচনের আগে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কে বা কারা নৌকার ব্যানার লাগালো তিনি তা নিজ হাতে অপসারণ করেন। সেই সময় বিভিন্ন মিডিয়াসহ সোস্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করে বিষয়টি।
১২ অক্টোবর, ২০২০।