ফরিদগঞ্জ ব্যুরো
গত মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ বাজারে কর্মরত ব্যবসায়ীদের নিরাপত্তা দাবি করে ইউএনও বরাবর গণস্বাক্ষরযুক্ত স্মারকলিপি দিয়েছে বাজার ব্যবসায়ী কমিটি।
বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের পক্ষে স্মারকলিপি জমা দেয়া ব্যবসায়ী কমিটির আহ্বায়ক অহিদুর রহমান জানান, গত ১৩ ফেব্রুয়ারি বিকালে ফরিদগঞ্জ বাজারে একদল অস্ত্রধারী প্রকাশ্যে মহড়া দেয়। ওই অস্ত্রধারীরা ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে দিতে তাদের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করতে বাধ্য করা হয়। সাপ্তাহিক হাটের দিন থাকায় বাজারে আসা হাজার মানুষ আতংকিত হয়ে চলে যাওয়ায় তাদের ব্যবসায়ীক ক্ষতির সম্মুখিন হতে হয়। ভবিষ্যতে যেন এমনটি না হয়, এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর কাছে তারা নিরাপত্তা দাবি করেন।
উল্লেখ্য, ঐদিন বিকালে ওই অস্ত্রধারীদের হামলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বালিথুবা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান এইচএম হারুন গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
