স্টাফ রিপোর্টার
শনিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভার নির্বাচন নজিরবিহীন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগের এ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু।
তিনি গতকাল রাতে চূড়ান্তভাবে ফলাফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় বলেন, এ নির্বাচনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ বৃহত্তর আওয়ামী পরিবারের অসংখ্য নেতা-কর্মী অক্লান্ত পরিশ্রম করেছেন। আর নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক এবং ভোটগ্রহণ কাজে নিয়োজিত কর্মকর্তারাও বেশ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হলো।
চমৎকার ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জিল্লুর রহমান জুয়েলকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। একই সাথে ১৫টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ১৪টিতে এবং সংরক্ষিত পাঁচটি ওয়ার্ডের সব কটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করেছেন পৌরসভার সম্মানিত ভোটাররা।
এজন্য আমি আওয়ামী লীগের পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলছি, সম্মানিত পৌরবাসী যে আশা আকাক্সক্ষা নিয়ে জিল্লুর রহমান জুয়েলকে মেয়র নির্বাচিত করেছেন, তা নবনির্বাচিত মেয়রের ঘোষিত ইশতেহার বাস্তবায়নের মধ্য দিয়ে তার প্রতিফলন ঘটবে।
আর এজন্য স্থানীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
১১ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের কৃতজ্ঞতা
