স্টাফ রিপোর্টার
মা ইলিশের নিরাপদ প্রজনন রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও সরগরম হয়ে উঠেছে চাঁদপুরের প্রধান মৎস্য আড়ৎ। গত ৩০ অক্টোবর মধ্য রাত থেকেই পদ্মা-মেঘনা নদীতে নেমেছে হাজার হাজার জেলে। জেলেদের আহরণকৃত ইলিশ নৌকা ও ট্রলারে করে নিয়ে আসছে মাছঘাটে। হাকডাক দিয়ে বিক্রি শুরু হয়েছে রূপালি ইলিশ।
গত বৃহস্পতিবার সকাল ১১টায় চাঁদপুর মাছঘাটে গিয়ে দেখাগেছে চাঁদপুর সদর ও আশপাশের এলাকার শত শত ট্রলার করে জেলেরা ইলিশ আড়তে উঠাচ্ছে। আড়ৎদাররা স্থানীয় ইলিশগুলো স্তূপ করে সাজাচ্ছেন। পাইকারি ডাক উঠানোর পরে খুচরা ও পাইকারী ক্রেতারা এসব ইলিশ ক্রয় করছেন।
মাছঘাটের ব্যবসায়ীরা জানান, নিষেধাজ্ঞার সময় অনেক জেলে গোপনে মাছ আহরণ করে রাখে। সেইসব ইলিশসহ বুধবার রাতে আহরণ করা ইলিশ আমদানি হওয়ার কারণে মাছঘাট এখন সরগরম। তবে কয়েকদিন সময় অতিবাহিত হলে বুঝা যাবে নদীতে ইলিশের বিচরণ কম না বেশি।
মাছঘাটের ব্যবসায়ী চুন্নু বলেন, স্থানীয় জেলেদের আহরণকৃত ইলিশের বাজার দর হচ্ছে-প্রায় ১ কেজি ওজনের ইলিশ ৭৫০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ১ কেজির বেশি ওজনের ইলিশ ১২শ’ থেকে ১৬শ’ টাকা। ছোট সাইজের ইলিশের আমদানি খুবই কম।
মৎস্য ব্যবসায়ী হানিফ বেপারী ও মনির বলেন, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর যে পরিমাণ ইলিশ আড়তে এসেছে, এতে দাম কমার কোন সম্ভাবনা নেই। আগের দামেই ইলিশ বিক্রি হচ্ছে। তবে আগামিতে ইলিশের দাম কম নয় বরং বাড়ার সম্ভাবনাই বেশি।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- নিষেধাজ্ঞা শেষে আবারো সরগরম চাঁদপুরের মাছের আড়ৎ
