শাহ আলম খান
সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরে পরিবহন মালিক ও শ্রমিকদের নিয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় কর্মশালার আয়োজন করে চাঁদপুর জেলা পুলিশ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা যদি সঠিক পথে চলতে চাই। তাহলে একটি নিয়ম পদ্ধতির মধ্যে থাকতে হবে। নিয়ম পদ্ধতি না মানলে ওই বিষয়টি সফল হয় না। সড়ক ও পরিবহন আইন বাস্তবায়নের ক্ষেত্রে আমাদেরকে সঠিক নিয়ম পদ্ধতি দাঁড় করাতে হবে।
তিনি বলেন, সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য আমরা ৩টি বিষয় অর্থাৎ চালকের, যাত্রীদের এবং মালিকের করণীয় সম্পর্কে লিফলেট তৈরী করেছি। আমি এর সাথে আরো ৩টি বিষয় যোগ করতে চাই। তা হচ্ছে শ্রমিক, বিআরটিএ ও পুলিশের করণীয়। অর্থাৎ ৬টি স্তম্ভের মধ্যে একটি পদ্ধতি দাঁড় করানো প্রয়োজন। এর মধ্যে আমি মনে করি পুলিশের কি করণীয় এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। পুলিশ কি কাজ করবে তা আপনাদের সামনে স্পষ্ট হতে হবে। পুলিশের কাজ হলো নিজে আইন সম্পর্কে জানা এবং বাকি ৫ বিভাগের মানুষকে বুঝানো। আইন সম্পর্কে প্রত্যেককে ধারণা দিতে হবে। অর্থাৎ আইন না মানলে তার কোন ধরনের শাস্তি হতে পারে।
পুলিশ সুপার বলেন, আমি যে ৬ শ্রেণির লোকদের কথা বলেছি, তারা সবাই যদি কাজ করেন তাহলে সড়ক ও পরিবহন আইন বাস্তবায়ন সহজ হবে এবং সড়কে অবশ্যই শৃঙ্খলা ফিরে আসবে। আইনের মাধ্যমে জরিমানা করা আমাদের উদ্দেশ্যে না। আমাদের উদ্দেশ্যে হচ্ছে সংশোধন করা এবং নিয়মটাকে চালু করা। সড়ক পরিবহন আইন হয়েছে সবার কল্যাণের জন্য।
চাঁদপুর বাস মালিক সমিতির সভাপতি আবু নঈম পাটওয়ারীর দুলালের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও পদ্মা বাস পরিবহনের পরিচালক সফিকুর রহমান ভূঁইয়া, চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. বাবুল মিজি, জেলা মোটর শ্রমিক লীগের সভাপতি মো. আনোয়ার গাজী, মিনি বাস মালিক সমিতির শোয়েবুর রহমান, হিলশা পরিবহনের পরিচালক মো. কামাল হোসেন পাটওয়ারী প্রমুখ।
কর্মশালা সঞ্চালনায় ছিলেন সার্জেন্ট মো. রবিউল আলম। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী, টিআই মো. সাইফুল আলম, সার্জেন্ট সুভ্রতসহ মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।
কর্মশালা শেষে পুলিশ সুপারের নেতৃত্বে বাস স্ট্যান্ড এলাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- সবার কল্যাণের জন্য সড়ক পরিবহন আইন হয়েছে …………..পুলিশ সুপার
