
হাইমচর ব্যুরো
হাইমচর নীলকমল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেনকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করছে ঐ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও জ্ঞানগৃহ পাঠাগারের সদস্যবৃন্দ। গতকাল সোমবার সকাল ১০টায় নীলকমল উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে প্রধান শিক্ষকের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা পরিষদ সদস্য এসএম আল মামুন সুমন।
তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নসহ সামগ্রিক কার্যক্রমে এ বিদ্যালয়টির যে সুনাম ও ঐতিহ্য রয়েছে তা ধরে রাখতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়ে যে সুনাম বয়ে আনছে তা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় বিদ্যালয়টি জেলা পর্যায়েও শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে মনোনীত হবে।
সংবর্ধনা সভায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সরদার আব্দুল আজিজের সভাপতিত্বে ও শিক্ষক আলী আকবরের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংবর্ধিত অতিথি মো. মোশাররফ হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য মো. সোহরাব হোসেন টিটু, শিক্ষক মো. মাহবুবুর রহমান, রাবেকা সুলতানা, দশম শ্রেণির শিক্ষার্থী মো. হাবিবুর রহমান, মোর্শেদা আক্তার। এ সময় অতিথিদের ক্রেস্ট প্রদান করেন শিক্ষার্থী এবং জ্ঞানগৃহ পাঠাগারের সদস্যবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মো. শরিফুল ইসলাম, মাসুদ বেপারী, মো. দেলোয়ার হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
০১ অক্টোবর, ২০১৯।
