নো মাস্ক, নো প্যাসেঞ্জার

করোনা মহামারির দ্বিতীয় ঢেউ আমাদের এড়িয়ে চলতে হবে

……..পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান

শাহ্ আলম খান

চাঁদপুরে করোনার দ্বিতীয় ঢেউ এড়াতে সড়কে চলাচলকারী যাত্রীবাহী যানবাহন বিশেষ করে অটোরিকশায় বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। এজন্য মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে ‘নো মাস্ক, নো প্যাসেঞ্জার’ কর্মসূচি চালু করা হয়েছে।

পুলিশ সুপার মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা সড়কে বিভিন্ন যানবাহনে অভিযান পরিচালনা করেন। এসময় যেসব যানবাহনের চালক ও যাত্রীদের মুখে মাস্ক নেই, তাদের করোনার দ্বিতীয় ঢেউ এড়াতে সচেতনমূলক পরামর্শ দেয়া হয় এবং বিনামূল্যে চালক ও যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

চালক ও যাত্রীদের উদ্দেশ্যে পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বলেন, নিজেকে সুরক্ষা করতে হলে মাস্কের কোনো বিকল্প নেই, তাই প্রধানমন্ত্রীও এই বিষয় সবাইকে সতর্ক করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। কারণ, করোনা মহামারির দ্বিতীয় ঢেউ অবশ্যই আমাদের এড়িয়ে চলতে হবে। নাহয় এজন্য আপনাকে আমাকে বড় ধরনের মাশুল দিতে হবে।

মাস্ক বিতরণ করার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী আব্দুল রহিম, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার, চাঁদপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ নাসিম উদ্দিনসহ পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

৪ নভেম্বর, ২০২০।