এস এম সোহেল
প্রতীক বরাদ্দের পর থেকে চাঁদপুরের ৫টি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের পক্ষে কাজ করেছেন- বললেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি নিজের অবস্থান জানান দিয়েছেন। তিনি চাঁদপুর জেলার সব ভোটারদের কাছে নৌকা প্রতীক বিজয়ী করার আহ্বান জানান।
নৌকা প্রতীকের প্রার্থীরা হলেন- চাঁদপুর-১ আসনে ড. সেলিম মাহমুদ, চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম, চাঁদপুর-৩ আসনে ডা. দীপু মনি, চাঁদপুর-৪ আসনে মুহম্মদ শফিকুর রহমান, চাঁদপুর-৫ আসনে মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের এই দেশ স্বাধীন করে দিয়েছেন এবং স্বল্প সময়ের মধ্যে দেশকে উন্নত করার পরিকল্পনা করেন। কিন্তু তাকে হত্যার মাধ্যমে স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ ব্যাহত হয়। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এসে পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। ১৯৯৬ সাল থেকে ৫ বছর এবং এরপর টানা ১৫বছর দেশ দক্ষ নেতৃত্বের মাধ্যমে শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন।
ওচমান গণি বলেন, ১০০ বছরেও যা হয়নি চাঁদপুর-৩ আসনে ডা. দীপু মনির নেতৃত্বে গত ১৫ বছর তার চাইতে অনেক বেশি উন্নয়ন হয়েছে। এই আসনটিসহ ৫ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এ ক্ষেত্রে তরুণ প্রজন্মকে নৌকায় ভোট দিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সদ্যসাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সভাপতি/সাধারণ সম্পাদকসহ জাতীয় এবং স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।
০৪ জানুয়ারি, ২০২৪।
