লক্ষ্মীপুরে নৌকার সমর্থনে বিশাল সমাবেশ

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে
………..ডা. দীপু মনি

আল আমিন ছৈয়াল
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক ও পথসভা করেন আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের দোকান ঘর আশ্রয় প্রকল্পের মাঠে উঠান বৈঠক ও দুপুর ১২টায় বহরিয়া বাজারে পথসভায় বক্তব্য রাখেন।
এসময় ডা. দীপু মনি বলেন, আপনারা লক্ষ্মীপুরের জনগণ বার-বার বিপুল ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আগামি ৭ জানুয়ারি পূণরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। গত ১৫ বছর আপনাদের সেবা করে যাচ্ছি, আপনাদের সাথে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম তার সবটুকু পূরণ করতে পেরেছি। আপনাদের প্রাণের দাবি মেঘনার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করেছি।
তিনি আরো বলেন, এখানে যাতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস না হয়- এ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে, এই জায়গার অধিগ্রহণ নিয়ে আমাকে জড়িয়ে অনেক মিথ্যাচার করেছে। এ নিয়ে আমার বিরুদ্ধে কোন অভিযোগ দাঁড় করাতে পারেনি, আমি গত ১৫ বছর আপনাদের জন প্রতিনিধি হিসেবে সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি আগামিতেও সততা এবং নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করে যাবো।
তিনি বলেন, যেসব অসহায় পরিবার নদী ভাঙনে ভিটে মাটি হারিয়েছে তাদের প্রত্যেক পরিবারকে আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে নতুন ঘর ও পুনর্বাসনের ব্যবস্থা করেছি,আগামীতে আপনাদের ইউনিয়নে আর কোন পরিবার গৃহহীন থাকবে না। আপনাদের ইউনিয়নে শতভাগ বিদ্যুৎতায়ন করা হয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন করা হয়েছে। সব রাস্তা পাকা করা হয়েছে, বহু ব্রিজ-কালভার্ট করা হয়েছে, বিশুদ্ধ খাবার পানি ব্যবস্থা করা হয়েছে, মা বোনেরা বিভিন্ন ভাতা পাচ্ছেন, জেলার সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারছে।
ডা. দীপু মনি আরো বলেন, কোন অপপ্রচারের কর্ণপাত করবেন না, উৎসবমুখর ও শান্তিপূর্ণ ভোট হবে। ভয়ের কোন কারণ নেই। মা বোনেরা সকাল-সকাল গিয়ে ভোট দিবেন। ভোটের মাঠে সেনাবাহিনী ও বিজিবিসহ প্রর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে। আপনার নির্ভয়ে ভোট দিতে যাবেন। নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানবেন।
লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. সেলিম খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, কৃষি বিষয়ক সম্পাদক অজয় ভৌমিক, উপ দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান ইমাম বাদশা, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি প্রমুখ।
সমাবেশে জেলা আওয়ামী, যুবলীগ, মহিলা আওয়ামী, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছায়েদ আখনের পরিচালনা উঠান বৈঠকে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিজি, সহ-সভাপতি ইউনুস খান, ইউপি সদস্য দুলাল বেপারী, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফারুক মাঝি, সাধারণ সম্পাদক শফিক খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

০৪ জানুয়ারি, ২০২৪।