
জনসাধারণের দুর্ভোগ করে প্রচারকার্য করা যাবে না
………………জিল্লুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভা নির্বাচন গতকাল সোমবার ছিলো প্রতীক বরাদ্দ। বেলা ১১টায় নির্বাচনে কমিশনারের কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল উপস্থিত হয়ে প্রতীক গ্রহণ করেন। প্রতীক বরাদ্দের পর সেখান থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দের অংশগ্রহণে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে চাঁদপুর সরকারি মহিলা কলেজ হয়ে চিত্রলেখা নতুন বাজার হয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বলেন, আজ থেকে শুরু হলো ভোটের লড়াই। সম্মানীত ভোটারদের আস্থা অর্জনের লড়াই। প্রচারণা হতে হবে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য। জনসাধারণের দুর্ভোগ করে প্রচারকার্য করা যাবে না।
ভিন্নমত ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন নির্বাচনী আচরণ বিধি মেনে আমরা সবাই মিলে একটি গ্রহণযোগ্য ও সার্বজনীন নির্বাচন চাঁদপুরবাসীকে উপহার দেই। স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর প্রতিক নৌকা পেলাম। এ ভোট যুদ্ধের লড়াইয়ে ব্যালটের মাধ্যমে ভোটারদের জয়ের লড়াই করতে হবে। আর এই যোদ্ধা হচ্ছেন আপনারা জনগণ। উন্নয়নের রুপকার জননেত্রী শেখ হাসিনার মুখকে কেউ বিমুখ করবে না। চাঁদপুর-হাইমচর মাটি ও মানুষের নেত্রী ডা. দীপু মনির উন্নয়নের ধারাবাহিকতা রাখতে ২৯ মার্চ চাঁদপুর পৌরসভা নির্বাচনে ভোট প্রদান করবেন। উন্নয়নের প্রতিবন্ধকতার লড়াইয়ে জিততে হবে। পৌর এলাকার সকল মা-বাবা, ভাই-বোনের কাছে নৌকা প্রতিক নিয়ে যেতে হবে। ভোট যুদ্ধের লড়াইয়ে আমরা এগিয়ে, প্রতিপক্ষ ষড়যন্ত্রের লড়াই করার চেষ্টা করবে। সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রতিপক্ষকে সেই সুযোগ দেওয়া যাবে না। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচনে জয়ী হতে হবে। সাংগঠনিকভাবে আমাদের জয় সুনিশ্চিত করতে হবে। এটা একটা সুন্দরের জয় হবে, ভোটারদের জয় হবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, আব্দুর রশিদ সর্দার, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, সদস্য দেলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. মোতালেব, বর্তমান সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, শহর ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক রবিন পাটওয়ারীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী।
