পাঁচানী উবি’র প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক খোকা মিয়ার দাফন সম্পন্ন


মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার পাঁচানী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক একে মাহমুদ হোসেন খোকা মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বাদ জুমা উপজেলার পাঁচানী উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাযা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথম জানাযা ঢাকা কল্যাণপুর ও দ্বিতীয় জানাযা মরহুমের শ্বশুর বাড়ি বাহেরচর পাঁচানীতে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের শিক্ষক মো. আনোয়ার হোসেনের পরিচালনায় জানাযাপূর্বক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য অ্যাড. আলহাজ মো. নুরুল আমিন রুহুল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, পাঁচানী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এসএম মহসীন মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য প্রকৌশলী রফিকুল ইসলাম, মরহুমের ভাই মোশারেফ হোসেন মারুফ মিয়া প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন মৃধা, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ারুল আবেদীন খোকন, উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, কলাকান্দা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম কাদির মোল্লা, ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর আবু জাফর ডালিম সরকার, সমাজসেবক আশেক উল্যাহ, তোফায়েল মিয়া, অ্যাড. জসিম উদ্দিন, ডা. নজরুল ইসলাম, অ্যাড. সেলিম মিয়া, ডা. আবুল হাসনাত কাজল, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, একে মাহমুদ হোসেন খোকা মিয়া বৃহস্পতিবার পৌনে ৪টার দিকে ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি—–রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।
মরহুম একে মাহমুদ হোসেন খোকা মিয়া উপজেলার মোহনপুর ইউনিয়নের পাঁচানী মিয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি পাঁচানী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। ২০১০ সালে তিনি পাঁচানী উচ্চ বিদ্যালয় থেকেই শিক্ষকতা পেশার ইতি টানেন। শিক্ষার্থীরা কতটা সুশৃংখল হতে পারে তা তিনি দেখাতে সক্ষম হয়েছিলেন। তাঁর সময়ে পাঁচানী উচ্চ বিদ্যালয় ছিল উপজেলার অন্যতম সেরা সুশৃংখল একটি শিক্ষা প্রতিষ্ঠান।
একে মাহমুদ হোসেন খোকা মিয়ার মৃত্যুতে পাঁচানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান ও শিক্ষকবৃন্দ, স্কুল পরিচালনা কমিটির সভাপতি এসএম মহসীন মিয়া ও অন্যান্য সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা শোক প্রকাশ করেছেন।