পাইকপাড়া ইউজি উবি’র শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ৪

১৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউ.জি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী আহত হয়। বৃহস্পতিবার (১১ মে) অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা ফেসবুকে লাইক-কমেন্ট নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ ১৩ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে।
অভিভাবক ও স্থানীয়দের সূত্রে জানা যায়, অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাহেদ ও নবম শ্রেণির শিক্ষার্থী তাহিদ তাদের ফেসবুকে লাইক-কমেন্ট নিয়ে গত দুইদিন ধরে ম্যাসেঞ্জারে নানা অশ্ললী বাক্য বিনিময় হয়। ওইদিন সকালে তারা উভয় বিদ্যালয়ে ক্লাশ করতে এসে ৮ম শ্রেণির সাহেদের উপর ৯ম শ্রেণির ইমান, রোখসান, নিরব, শহিদুল, আবরার, তহিদ, হিমেল ও সৈকত ৮ম শ্রেণির ক্লাশে ঢুকে সাহেদসহ তার সহপাঠীদের উপর হামলা চালায়। এতে ৮ম শ্রেণির সাহেদ, ফাহাদ, আদিল ও ৯ম শ্রেণির আল-আমিন গুরুতর আহত হয়।
এ বিষয়ে বিদ্যায়লের সহকারী প্রধান শিক্ষক ছলিম উল্যাহ জানান, ফেসবুকের ঘটনা নিয়ে উল্লেখিত শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমরা তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে তাদের শান্ত করি। ঘটনার সাথে জড়িত সন্দেহে প্রধান শিক্ষকের নির্দেশে দুই শ্রেণির ১৩ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
কয়েকজন অভিভাবক বলেন, দুর্বল প্রশাসনিক ব্যবস্থাপনার কারণে প্রায়ই বিদ্যালয় শিক্ষার্থীরা বহিরাগতদের সাথে নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করে। ইতোপূর্বে কয়েকবার এ ধরনের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন ব্যবস্থাগ্রহণ করা হয় নাই। তাছাড়া এই বিদ্যালয়টিতে গত তিন বছর ধরে কোন কমিটি না থাকায় বিদ্যালয়ে শৃঙ্খলা নেই বললেই চলে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী জিন্না বলেন, বিষয়টি আমি শুনে সাথে সাথে প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি। উভয় পক্ষের শিক্ষার্থীদের অভিবাবকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের নির্দেশ দিয়েছি।

১২ মে, ২০২৩।