বয়সন্ধিকালে কোন লজ্জা নয়, সচেতনতার বিষয়
………..ইউএনও বৈশাখী বড়ুয়া
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও স্যানেটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের মাঝে ২০টি বাইসাইকেল ও ৩৬৫টি স্যানেটারী ন্যাপকিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বৈশাখী বড়ুয়া বলেন, শীতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির আশংকা রয়েছে। তাই করোনাভাইরাস প্রতিরোধে আমাদের নিজ-নিজ অবস্থান থেকে ব্যক্তিগতভাবে সচেতনতা বাড়াতে হবে। আমি সচেতন হলে, আমার পরিবার সচেতন হবে। আর পরিবার সচেতন হলে এমনিতেই সামাজিকভাবে সবাই সচেতন ও দায়িত্বশীল হবে।
তিনি কৈশোরকালীন বিভিন্ন দিক তুলে ধরে ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বয়সন্ধিকালে কোন ধরনের লজ্জা নয়, এটি সচেতনতার বিষয়। আমাদের (মেয়ে) সুস্থ থাকতে হলে এবং ভবিষ্যতে নিরাপদ মাতৃত্ব টেকসইকরণে বয়সন্ধিকালের প্রতি অবশ্যই গুরুত্ব দিতে হবে। এই সময়ে পুষ্টিকর খাবার গ্রহণ ও স্বাস্থ্য সচেতন হতে হবে। কোন ধরনের সমস্যা হলে মায়ের সাথে শেয়ার করবে। প্রয়োজনে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করবে।
মেয়েদের আর পিছে ফিরে তাকানোর সুযোগ নেই উল্লেখ করে বৈশাখী বড়ুয়া ছাত্রীদের বলেন, নিচু নয় মাথা উঁচু করে দাঁড়ানোর সময় ও সুযোগ এসেছে। কারণ সরকার সব ধরনের সুযোগ তৈরি দিয়েছে এবং দিচ্ছে। সুতরাং এই সুযোগকে কাজে লাগিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। আগামি দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের নেতৃত্ব তোমরাই দিবে। তাই তোমাদের এই সময় (কৈশোরকালীন) থেকেই স্বাস্থ্য সচেতন হতে হবে এবং বড় হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে।
কালচোঁ উত্তর ইউপির চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়ার সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শরীফ উল্যাহ্ পাটওয়ারী ও প্রধান শিক্ষক মনিরুজ্জামান পাটওয়ারী।
শিক্ষক মনির হোসেনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মুক্তিযোদ্ধা বশির আহমেদ মজুমদার, আব্দুর রজ্জাক মজুমদার, সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, ইউপি সদস্য আবু জাফর তালুকদারসহ শিক্ষক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
১১ নভেম্বর, ২০২০।
