পুনরায় চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী

হাইমচরে শান্তিপূর্ণভাবে উপজেলা নির্বাচন সম্পন্ন


সাহেদ হোসেন দিপু
ব্যাপক উৎসবমুখর ও ৩ স্তরের নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএম পদ্ধতিতে হাইমচরে শান্তিপূর্ণভাবে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পদে ২য় বারের মত নৌকা প্রতীক নিয়ে নূর হোসেন পাটওয়ারী ৪৪২৮ ভোট বেশি পেয়ে জয় লাভ করেছেন। ভাইস চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগ সমর্থিত মাইক প্রতীক নিয়ে জাহাঙ্গীর বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক নিয়ে শাহনাজ বেগম জয়লাভ করেছেন।
গতকাল সোমবার সকাল ৯টা হতে শুরু হয়ে একটানা বিকেল ৫টা পর্যন্ত ৩১টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নূর হোসেন পাটওয়ারী নৌকা প্রতীক নিয়ে ১৬ হাজার ১শ’ ৫১ ভোট পান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোতালেব জমাদার আনারস প্রতীক নিয়ে ১১ হাজার ৭শ’ ২৩ ভোট পান। ভোটের ব্যবধান ৪,৪২৮। অপরদিকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে ইসাহাক খোকন ৪ হাজার ২শ’ ১৭ ভোট পান।
ভাইস চেয়ারম্যান পুরুষ মাইক প্রতীক নিয়ে জাহাঙ্গীর হোসেন বেপারী ১৯ হাজার ১শ’ ৬৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক পেয়েছেন ৮ হাজার ৪শ’ ৪৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী তালা প্রতীকের কামরুল ইসলাম পেয়েছেন ২৭শ’ ৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাঁস প্রতীক নিয়ে ১৭ হাজার ২শ’ ৬৮ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী ১৪ হাজার ৬শ’ ৭৩ ভোট পেয়ে পরাজিত হন।
৩ স্তরের নিরাপত্তায় তিন প্লাটুন বিজিবি, র‌্যাবের ১০টি মোবাইল টিম, বিপুল পরিমাণ পুলিশ এবং আনসার সদস্য নির্বাচনি মাঠে কাজ করেছেন। ভোটারদের উৎসবমুখর পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পারায় মহা খুশি হতে দেখা গেছে। অত্যন্ত সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় কুয়াশার ভিতর দিয়ে নারী-পুরুষ ভোটাররা ভোট কেন্দ্রে হাজির হয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন।
হাইমচর উপজেলাবাসী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এক প্রতিক্রিয়া চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন, প্রিয় হাইমচরবাসী উন্নয়নের জোয়ারকে আরো গতিশীল করতে এবং ডা. দীপু মনি এমপির হাতকে শক্তিশালী করতে যে ভোট বিপ্লব দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। নৌকার বিজয় মানে উন্নয়নের বিজয়। এ বিজয় পুরো হাইমচরবাসীর বিজয়। ভোটারদের দেয়া আমানত আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করবো। ইতোপূর্বে আমি হাইমচরবাসীর সুখ-দুঃখ ও ভালো-মন্দে ছিলাম। আগামি দিনে আমি হাইমচরবাসীর সব উন্নয়নমূলক কাজ-কর্মে অংশীদার হবো।