স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের পুরাণবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ, নারী-পুরুষসহ প্রায় ৩০ জন আহত হয়। এছাড়া সংঘর্ষে প্রায় ৩০টি ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর হয়। পরিস্থতি নিয়ন্ত্রণে পুলিশ ১৫ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। ঘটনাটি ঘটে গত শুক্রবার সন্ধ্যায় পুরাণবাজারের নতুন রাস্তায়। দফায়-দফায় এ সংঘর্ষের সৃষ্টি হয়। পুরাণবাজার ফাঁড়ি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
আহতদের মধ্য রয়েছে- স্থানীয় লাবনী ও মামুনসহ বেশ কয়েক জন পুলিশ ও স্থানীয়। তবে সংঘর্ষ চলাকালে নতুন রাস্তা এলাকায় বিদ্যুৎ চলে যায়। রাতে অন্ধকার হওয়ায় তাৎক্ষণিক সবার নাম নেওয়া সম্ভব হয়নি। এছাড়া ইট-পাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ আহত হয়েছে বলে জানা যায়।
স্থানীয়রা জানান, পুরাণবাজার মধুসুধন উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আবুল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডে লোহারপুল ও মোম ফ্যাক্টরির দুই দল অংশ নেয়। খেলা চলাকালীন সময়ে রেফারির একটি ভুল গোলের সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দলের মধ্যে প্রথমে বাকবিতন্ডা ও হাতাহাতির সৃষ্টি হয়। পরে উভয়পক্ষের খেলোয়াড় ও কর্মকর্তা নিয়ে পুরাণবাজার পুলিশ ফাঁড়িতে সমাধানের লক্ষ্যে বসা হয়। দুই দলকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। ফাঁড়ি থেকে বের হলেই উভয় পক্ষের মধ্যে আবার সংঘর্ষ শুরু হয়।
চাঁদপুর পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে।
২৮ আগস্ট, ২০২২।
