ভবিষ্যৎ পরিকল্পনা মোতাবেক পৌরসভার উন্নয়ন করতে হবে
…….কামরুল হাসান
মোহাম্মদ হাবীব উল্যাহ্
ভবিষ্যৎ পরিকল্পনা মোতাবেক অর্থাৎ আগামি ৫০ বা ১শ’ বছর পর কি হবে, তা ভেবে এবং সে অনুযায়ী পরিকল্পনা করে পৌরসভার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান। এসময় তিনি বলেন, হাজীগঞ্জ হলো জেলার হৃদপিন্ড আর হাজীগঞ্জের অক্সিজেন হলো হাজীগঞ্জ পৌরসভা।
গত বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কামরুল হাসান হাজীগঞ্জ পৌরসভা পরিদর্শনে এসে পৌর পরিষদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় একথা বলেন। এদিন তিনি পৌরসভায় আসলে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
পরে জেলা প্রশাসক ও পৌর মেয়র কাউন্সিলরদের সাথে নিয়ে পৌরসভায় কার্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ চত্বরে ফুল দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পৌর সভাকক্ষে আলোচনা সভায় অংশ নিয়ে তিনি পৌরসভার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজ প্রশ্নবিদ্ধ করতে একটি স্বার্থন্বেষী মহল অপচেষ্টা করছে। জনপ্রতিনিধিরা সেইদিক লক্ষ্য রাখবেন এবং জনগণকে বুঝাবেন, এটি শুধুমাত্র আমাদের দেশের সমস্যা নয়, বৈশি^ক কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সহসা এর উত্তরণ ঘটবে।
তিনি বলেন, আমাদের ধর্ম নিয়ে যদি কেউ কটূক্তি করে তাহলে মুসলমান হিসেবে আমরা প্রতিবাদ করি। তবে এ প্রতিবাদের মাঝে কিছু দুষ্টলোক আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অপচেষ্টা করে। তাই জনপ্রতিনিধি হিসাবে আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। কারণ, আমাদের ধর্মে বলা হয়েছে, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না।
এসময় তিনি হাজীগঞ্জ বাজারের হকার পূনর্বাসন, বাজারের যানজট নিরসনে সবার সহযোগিতা চান। মতবিনিময় শেষে জেলা প্রশাসক পৌরসভার দাপ্তরিক কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ও পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান উপস্থিত ছিলেন।
আলোচনায় সভায় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, আজাদ হোসেন ও রোকেয়া বেগম, সংরক্ষিত নারী কাউন্সিলর মমতাজ বেগম মুক্তা, মিনু আক্তার ও নাজমুন নাহার ঝুমু কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন মুন্সী, মোহাসীন ফারুক বাদল, সুমন তপদার, মো. শাহআলম, কাজী মনির হোসেন, হাজি কবির হোসেন, সাদেকুজ্জামান, বিল্লাল হোসেন, মো. শাহআলমসহ পৌর কর্মকর্তা-কর্মচারী।
২৮ আগস্ট, ২০২২।
