পুরাণবাজার মধুসূদন উবি’র ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের পুরাণবাজার মধু সূদন উচ্চ বিদ্যালয়ের ৪ তলাবিশিষ্ট ভবন নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। কাজে যাতে গাফিলতি না হয় সেজন্য কাজের তদারকি করছেন প্রধান শিক্ষক গণেশ দাশ নিজেই। আগামি ডিসেম্বর মানের মধ্যে ভবনের কাজ শেষ হবে। আগামি বছরের শুরু থেকে শিক্ষার্থীরা নতুন ভবনে পাঠাদান করতে পারবে বলে আশা করা যাচ্ছে।
এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, প্রধান শিক্ষক গণেশ দাশ বিদ্যালয়ে আসার পর থেকে বিদ্যালয়ের অবকাঠামো ও পড়ালেখার মান দিন-দিন বৃদ্ধি পেয়েছে। তার হাত ধরে প্রতি বছর বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফলাফল করছে। বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিলো নতুন ভবন। সেই প্রত্যাশা পূরণ হচ্ছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ৪ তলাবিশিষ্ট ভবনের ব্যবস্থা করায়। সেই ভবনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রধান শিক্ষকের দক্ষতায় সেই ভবনের কাজ সঠিকভাবে তদারকি করায় মানসম্মত কাজ হচ্ছে।
প্রধান শিক্ষক গণেশ দাশ জানান, ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ৪ তলাবিশিষ্ট ভবন তৈরি করা হচ্ছে। চলতি বছরে ডিসেম্বর মাসের মধ্যে ভবনের কাজ শেষ হবে। আগামি বছরের শুরু থেকে শিক্ষার্থীরা নতুন ভবনে পড়া-লেখা করতে পারবে বলে আশা করা যাচ্ছে। ৪ তলা ভবনের ১২টি কক্ষ থাকবে। নিচতলায় প্রধান শিক্ষকের অফিস, শিক্ষক মিলনায়তনসহ বিদ্যালয়ে প্রশাসনিক কাজে ব্যবহৃত হবে। ২য়, ৩য় ও ৪র্থ তলায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠদান করা হবে।
তিনি আরো বলেন, ভয়াবহ মেঘনার ভাঙনের ফলে পুরাণবাজারের এরিয়া দিন দিন ছোট হয়ে আসছে। আমরা চেষ্টা করছি ঐতিহ্যবাহী পুরাণবাজারের অস্তিত্ব ধরে রাখতে। নজর রাখছি শিক্ষার মান বৃদ্ধিতে। বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা যাতে ভালো ফলাফল অর্জন করতে পারে, সে ব্যাপারে শিক্ষকমন্ডলীও আন্তরিক পাঠদান করে যাচ্ছেন। আর এ জন্য আমরা পরিবেশের প্রতিও নজর রাখছি।
৭ সেপ্টেম্বর, ২০২০।