পুলিশের বাঁধায় চাঁদপুরে বিএনপি অফিসের ভেতরে শ্রমিক দলের মানববন্ধন


স্টাফ রিপোর্টার
সারাদেশের মতো চাঁদপুরে গতকাল বুধবার বিকেলে ছিলো বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি। চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে মানববন্ধন করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পরে বিএনপি অফিসের ভেতরেই মানববন্ধন করে শ্রমিক দলের নেতৃবৃন্দ।
মানববন্ধনের আগে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুনির চৌধুরী। জেলা শ্রমিক দলের সভাপতি মো. নজরুল ইসলাম বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খলিল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মাহাবুব ছৈয়াল, পৌর শ্রমিক দলের সভাপতি ফরিদ মোস্তান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ইউসুফ আলী খলিফা, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী বাবু, সহ-সম্পাদক কামাল হোসেন শেখ, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছোটন বেপারীসহ জেলা, শহর, পৌর, সদরসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আমরা শ্রমিকরা দেশ গড়ার কারিগর। আমরা দেশ গড়ি আর আওয়ামী লীগের লুটেপুটে খায়। তাদের লুটেপুটে খাওয়ার দিন শেষ। আজ আমাদের নেত্রী আমাদের মা জেলে রয়েছেন। তিনি অসুস্থ অবস্থায় জেলহাজতে রয়েছেন। তার চিকিৎসার প্রয়োজন। কিন্তু তাকে মুক্তি দেয়া হচ্ছে না। দলের দুঃসময়ে পাশে থাকতে হবে। আমরা বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তি কামনা করছি।

২৬ সেপ্টেম্বর, ২০১৯।