স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. সেলিম খানের নিজস্ব উদ্যোগে
প্রতিবছরের মতো এ বছরও ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লক্ষ্মীপুর মোহাম্মদিয়া ঈদগাহ ময়দানে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল গত বুধবার বাদ আছর থেকে শুরু হয়।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাহাদুরপুরের পীর আলহাজ মাও. আবদুল্লা মোহাম্মদ হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, হে যুব সমাজ, তোমরা ৫ ওয়াক্ত নামাজ পড়বে। তোমার জন্য বড় পীর হলো বাবা-মা। তাদের দোয়া নিবে। রমজান মাসে রোজা রাখবে। মা-বাবাকে সেবা করবে। মাদক ও অসামাজিক কাজ থেকে নিজেকে বিরত রাখবে। মা-বোনেরা আপনারাও নামাজ পড়বেন ও রোজা রাখবেন। বাবা-মা ও স্বামীর সেবা করবেন। আল্লাহকে স্মরণ করবেন। যখন যার সাথে দেখা হবে, তার সাথে ভাল ব্যবহার করবেন।
অন্যান্যের মধ্যে বয়ান করেন ঢাকা মালিবাগ জামিয়া শারিয়ার পেশ ইমাম ও আশেকোনা জামে মসজিদের খতিব আলহাজ মাও. মুফতী শরীফর হোসাইন, মতলব উত্তর উপজেলার পৌর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ মাও. তাজুল ইসলাম ও লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের আলহাজ মাও. নাছির বিন আমির হোসেন।
ওয়াজ ও দোয়ার মাহফিলে সভাপতিত্ব করেন বহরিয়া রশিদিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাও. আবুল কাশেম মো. আবদুল বাকী। ওয়াজ মাহফিল শেষে মো. সেলিম খান ও বিশ্ববাসীর জন্য বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।
৩১ জানুয়ারি, ২০২১।
