নোমান হোসেন আখন্দ
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তির আলীপুর নামক স্থানে পদ্মা বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের আলিপুর অংশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের নাম আহসান হাবীব ফরিদ (২৮)। তিনি উপজেলার ছিমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঐ দিন বিকেলে নিহত স্কুল শিক্ষক আহসান হাবীব ফরিদ মোটরসাইকেলে চালিয়ে তার নিজ বাড়ি আলীপুর পাটোয়ারী বাড়ী থেকে স্থানীয় উয়ারুক বাজারের উদ্দেশে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকা থেকে চাঁদপুরগামী পদ্মা এক্সপ্রেস বাসটি আলিপুর অংশ অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই স্কুল শিক্ষক ফরহাদ হোসেন নিহত হন।
খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার ও সড়কের স্বাভাবিক যান চলাচল সচল রাখেন।
৩১ জানুয়ারি, ২০২১।
