
স্টাফ রিপোর্টার
উদয়ন শিশু বিদ্যালয় কর্তৃক আয়োজিত পেশাগত দক্ষতা উন্নয়নে উদয়ন শিশু বিদ্যালয়ের শিক্ষকদের কর্মশালা গতকাল সোমবার দিনব্যাপী সম্পন্ন হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মানছুর আহমেদ।
কর্মশালার সভাপতির দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার। উদ্বোধক অধ্যাপক মোহাম্মদ হোসেন খান তার স্বাগত বক্তব্যে ১৯৮২ সালে বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যাবধি বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার ফলাফল এবং বিভিন্ন জাতীয অনুষ্ঠানে অংশগ্রহণসহ বিদ্যালয়ের সাফল্যের কথা তুলে ধরেন।
প্রধান অতিথি মো. সাহাব উদ্দিন প্রথমে সকলকে উক্ত কর্মশালা আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে তার বক্তব্যের শুরুতে শিক্ষকদের শিষ্টাচার ও নৈতিকতা সম্পর্কে গুরুত্ব আরোপ করেন। এছাড়া তিনি প্রশিক্ষণে সবার অংশগ্রহণের পাশাপাশি নবাগত শিক্ষকদের নিয়ে একটি বিশেষ (ঘববফ ইধঃপয) তৈরি করতে বলেন।
বিশেষ অতিথি নাজমা বেগম তার বক্তব্যে উদয়ন শিশু বিদ্যালয়ের পিএসসি ও সেন্টার পরীক্ষায় প্রতি বৎসর সাফল্য অর্জন করায় সকল শিক্ষকদের ও পরিচালনা পর্ষদের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষক মানছুর আহমেদ তার বক্তব্যে বিদ্যালয়ের সকল শিশুদের মান উন্নয়নে ও আচরণের উপর নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. মুশহাক আহমেদ খান। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্ম শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক সাইদা আক্তার।
