প্রতিবছর সড়ক দুর্ঘটনায় সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু হয় ……..আব্দুল্লাহ আল মাহমুদ জামান

শাহ আলম খান
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, নিরাপদ সড়ক চায় না, এমন কোন ব্যক্তি পাওয়া যাবে না। আমরা সবাই সচেতন হলে নিরাপদ সড়ক বাস্তবায়ন করা সম্ভব। আমাকে বাঁচতে হলে জানতে হবে এবং জানাতে হবে। প্রতিদিন দেশে সড়ক দুর্ঘটনায় কমপেক্ষ ২০-২৫ জন লোক মারা যায়। সেই হিসেবে বছরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় প্রায় সাড়ে ৭ হাজার।
গতকাল রোববার সকাল ১০টায় চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চনের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নিরাপদ সড়ক চাই নতুন আইন বাস্তবায়ন করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। যার যার ত্রুটি আছে, সেগুলো সমাধান করুন। নিজে বাঁচুন, অপরকে বাঁচান।
‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী।
তিনি বলেন, আমাদের সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সড়কে চলার সময় সতর্ক থাকতে হবে। দ্রুতগতিতে যান চালাবেন না। বিদেশে গিয়ে দেখেছি দুর্ঘটনা হলে উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে সমাধান হয়। আমাদের দেশে সবকিছুই পুলিশের উপর নির্ভরশীল।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর বিআরটিএ’র সহকারী পরিচালক আনোয়ার হোসেন চালকদের উদ্দেশে বলেন, কোন সময় হেল্পার দিয়ে গাড়ি চালাবেন না। এতে করে চালক-যাত্রী সবাই নিরাপত্তাহীনতায় থাকে। ট্রাফিক আইন মেনে চলতে হবে। গাড়ি চালানোর সময় সিট বেল্ট বেঁধে রাখবেন। বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে।
সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোসাদ্দেক আল-আকিবের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন, ট্রাফিক ইনচার্জ মো. সাইফুল ইসলাম, সদস্য শওকত করিম, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক, মোটর শ্রমিক লীগের সভাপতি আনোয়ার গাজী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল খালেক। আলোচনা সভার আগে শহরের কালিবাড়ী শপথ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ইলিশ চত্বর এসে শেষ হয়।
আলোচনা সভায় সংগঠনের সদস্য, স্কাউট সদস্য, যানবাহন চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।