প্রধানমন্ত্রীর উপহার ঘরে-ঘরে পৌঁছে দিচ্ছেন ফরিদগঞ্জ পৌর মেয়র

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ পৌর এলাকার অসহায়, দুঃস্থ ও নিম্ন মধ্যবিত্তের কাছে মানবিক সাহায্য পৌঁছে দিচ্ছেন মেয়র মাহফুজুল হক। তিনি পৌর এলাকার নদীবেষ্টিত দক্ষিণ ও উত্তর কেরোয়া এলাকার বিভিন্ন বাড়ির ঘরে-ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন।
এসময় তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে সব শ্রেণি-পেশার মানুষ অসহায় হয়ে পড়েছে। তাই আমরা পৌর এলাকায় পর্যায়ক্রমে সব ঘরে প্রধানমন্ত্রীর উপহার নিজের হাতে পৌঁছে দিবো।
তিনি আরো বলেন, মহামারী করোনা থেকে রক্ষা পেতে হলে আমাদের সবাইকে সরকারের নির্দেশ মেনে চলতে হবে। অর্থাৎ আমাদের নিজেদের নিরাপত্তার জন্য ঘরে থাকতে হবে। ঘরে থাকতে গিয়ে যেহেতু প্রায় সবাই কর্মহীন হয়ে পড়েছেন তাই প্রধানমন্ত্রী প্রতিটি ঘরে যেন তার দেয়া উপহার পৌঁছে দেয়া হয়- সেজন্য জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন।
মেয়র মাহফুজ বলেন, কে কি করলো আমি সেদিকে না তাকিয়ে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে কাজ করছি। এখন পর্যন্ত প্রতিটি ওয়ার্ডের সব মানুষের কাছে যেতে সক্ষম হইনি। তবে আপনাদের কথা দিচ্ছি যতক্ষণ পর্যন্ত পৌর এলাকার প্রতিটি ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমি মাঠেই থাকবো। সবার ঘরে ত্রাণ পৌঁছে দিয়ে আমি ঘরে ফিরবো।
এসময় মেয়রের সাথে ছিলেন পৌর কাউন্সিলর হারুনুর রশিদ, কুসুম বেগম এবং মেঘনাপাড় মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা।

০২ মে, ২০২০।