প্রাক্তন সংসদ সদস্য এমএ মতিনের ইন্তেকাল

মোহাম্মদ হাবীব উল্যাহ্
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী, বিএনপি কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য এমএ মতিন (মতিন স্যার) মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া…রাজেউন)।
আজ মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টা ০৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৮৪ বছর।
মরহুম এমএ মতিন চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের মুন্সী বাড়ির খান সাহেব মরহুম জুনাব আলীর মুন্সীর ছেলে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রাক্তন সংসদ সদস্য এমএ মতিন গত দু’মাস যাবৎ বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। সবশেষে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান।
উল্লেখ্য, হাজীগঞ্জ-শাহরাস্তির মানুষের কাছে মতিন স্যার হিসেবে খ্যাত এমএ মতিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে সংসদীয় আসন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) থেকে চারবার প্রতিনিধিত্ব করেছেন।
এছাড়া তিনি উপজেলা চেয়ারম্যান ও হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি হাজীগঞ্জ পাইলট হাই স্কুলেও (বর্তমানে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ) শিক্ষকতা করেছেন। ঐ শিক্ষকতার সুবাদেই তিনি জেলাব্যাপী ‘মতিন স্যার’ হিসেবে সবার কাছে পরিচিত।

২৬ মে, ২০২০।