মোহাম্মদ হাবীব উল্যাহ্
বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের প্রাক্তন সংসদ সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী এমএ মতিন (মতিন স্যার)। বর্তমানে তিনি তাঁর রাজধানীর বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তাঁর রোগমুক্তি ও সুস্থতা কামনা করে উপজেলাবাসীসহ জেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্য ও দলীয় নেতৃবৃন্দ।
পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইয়াছির আরাফাত অনিক জানান, গত কয়েকদিন ধরে এমএ মতিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। গত দু’দিনে তিনি তিনবার মাইনর স্ট্রোক করেছেন। দিনে দিনে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছে। তিনি বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি তাঁর রাজধানীর বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
এদিকে প্রাক্তন সংসদ সদস্য এমএ মতিনের আরোগ্য ও সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন পরিবারের সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। এর আগে গত শুক্রবার এমএ মতিনের আশু রোগমুক্তি কামনা করে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, হাজীগঞ্জ-শাহরাস্তির মানুষের কাছে মতিন স্যার হিসেবে খ্যাত এমএ মতিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে তিনি সংসদীয় আসন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) থেকে চারবার প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া তিনি উপজেলা চেয়ারম্যান ও হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি হাজীগঞ্জ পাইলট হাই স্কুল (বর্তমানে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ) শিক্ষকতা করেছেন।
২০ মে, ২০২০।
