প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

সজীব খান
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার ইউপি নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোন প্রকার চাপ নেই। সরকার চায়- সুষ্ঠু, সুন্দর ও অবাধ নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দর হয় সেজন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। জনগণের প্রত্যক্ষ ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রশাসনিকভাবে নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ব্যবস্থা রয়েছে।
তিনি বলেন, বর্তমান সময় হচ্ছে ডিজিটাল যুগ, এ ডিজিটাল যোগে নির্বাচন কেন্দ্রে কোন প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। যখন বিশৃঙ্খল সৃষ্টি হবে, তখন সাথে সাথ তা মোবাইলে ধারণ করে নির্বাচন কমিশনারের কাছে পাঠাতে হবে, নির্বাচনের সময় কোন প্রকার আইনের ব্যত্যয় ঘটানো যাবে না।
তিনি আরো বলেন, নির্বাচনের সময় যদি কেউ আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে তখন কারো নাম জানবো না, চেহারাও চিনবো না, তার বিরুদ্ধে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কারণ, সরকার চায় অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন। আচরণবিধি প্রতিপালন করলে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রশাসনিক ব্যবস্থা কঠোর থাকবে। কাঁধে কাঁধে মিলিয়ে নির্বাচনী প্রচারণা করতে হবে, কোনভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। নির্বাচনী বিধি মালা বা আচরণবিধি না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকার লেভেলপ্লেনিং নির্বাচনের ব্যবস্থা করেছে। নির্বাচনের আচরণবিধি মানতে হবে। জনগণের কাছে গিয়ে ভোট নিতে হবে, ভোট চাইতে হবে। ভোট কেন্দ্র দখলের কোন সুযোগ নেই, ভোট কেন্দ্র থাকবে প্রশাসনের দখলে। যে কেন্দ্রে সমস্যা হবে, সেখানেই র‌্যাব, ম্যাজিস্ট্রেট থাকবে।
তিনি বলেন, কোথাও যেন নির্বাচন বন্ধ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচন সুষ্ঠু হবে, এখানে পেশিশক্তির কোন কাজে আসবে না, প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ব্যবস্থা থাকবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক দাউদ হোসেন চৌধুরী, এনএসআই’র উপ-পরিচালক শাহ মোহাম্মদ আরমান, জেলা নির্বাচন অফিসার তোফয়েল আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন সারোয়ার, এনামুল হাসান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেলাল চৌধুরী, সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন, সদর উপজেলা প্রকৌশলী এএসএম রাশেদুল রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মুকবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থীদের মধ্য বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল ইসলাম পাটওয়ারী, স্বতন্ত্র প্রার্থী আবু জাফর সালে, চান্দ্রা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান বেপারী, বাগাদী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মানিক মিয়া, বিষ্ণুপুর ইউনিয়নের হাতপাখার চেয়ারম্যান প্রার্থী মো. ওয়াজি উল্লাহ ও জিএম খোরশেদ আলম।
সংরক্ষিত সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন রামপুর সংরক্ষিত মহিলা সদস্য সুলতানা বেগম, তরপুচন্ডী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য সুরাইয়া বেগম, চান্দ্রা ইউনিয়নের সংরক্ষিত সদস্য রোকেয়া বেগম।
সাধারণ সদস্যদের মধ্য বক্তব্য রাখেন বালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য দেলোয়ার হোসেন দুলাল মৃধা, তরপুরচন্ডী ইউনিয়নের সদস্য হারুন খান।
চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নের নারী পুরুষ মিলে প্রায় ১ লাখ ৮৪ হাজার ভোটার রয়েছে। কেন্দ্র ১ শ’ ৫টি। ১০টি ইউনিয়নে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে ৪শ’ ১৪ জন, এর মধ্য চেয়ারম্যান ৩৪ জন, সংরক্ষিত নারী সদস্য ৭৭জন, সাধারণ সদস্য ৩শ’ ৪ জন প্রার্থী রয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদর উপজেলা জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ রায়হান ও গীতাপাঠ করেন দৈনিক চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চন্দ্র।

০৩ নভেম্বর, ২০২১।