ফরিদগঞ্জ পৌরসভায় সড়কের আরসিসি ঢালাই শুরু

পৌরসভার সব সড়ক যানজট ও দখলমুক্ত করবোই
…….. মেয়র আবুল খায়ের পাটওয়ারী

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জ পৌর এলাকার উত্তর গলির কাচা বাজার সড়কটির আরসিসি ঢালাই শুরু হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) সকালে এর উদ্বোধন করেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
এসময় বলেছেন, আমি মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে পৌর এলাকার সড়ক ও ড্রেন নির্মাণ কাজ শুরু করতে গিয়ে সরকারি জায়গা দখল করে আছে কিনা এবং পৌর আইন অনুযায়ী লোকজন অবৈধ ভাবে জায়গা দখল করে আছে কিনা, তা তদারকি করেছি। তদারকি করতে গিয়ে দেখলাম, সুযোগ পেয়ে এক শ্রেণির মানুষ রাস্তার জায়গা দখল করে ঘর করে রেখেছে। ফলে বাজারে আসা লোকজনকে কষ্ট পোহাতে হচ্ছে। সেজন্য আমি পৌরসভার মাধ্যমে সার্ভেয়ার দিয়ে নকশা হাতে নিয়ে রাস্তার মধ্যে পড়া দোকানগুলো সরিয়ে নিতে বলেছি। আজ যেখানে রাস্তার ঢালাইয়ের কাজ উদ্বোধন করছি, তার পিছনেই দেখেন রাস্তার উপর ঘর নির্মাণ করা হয়েছে। আমি পৌরসভার সব সড়ক যানজট ও দখলমুক্ত করবোই।
সড়কটির ঢালাইয়ের কাজ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আ. মান্নান পরান, কাউন্সিলর জাকির হোসেন গাজী, অতিরিক্ত দায়িত্ব থাকা সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুন্নবী, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও কাজের ঠিকাদার আলমগীর মোল্লা।
পৌর অফিস সূত্রে জানা গেছে, সাড়ে ৩৭ লাখ টাকা ব্যয়ে থানার মোড় থেকে পূর্ব বাজার মোড় পর্যন্ত উত্তর গলির সড়কটি আরসিসি ঢালাই কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আলমগীর মোল্লা।

০৩ নভেম্বর, ২০২১।