প্রেমিকার সাথে অভিমান করে প্রেমিকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার
প্রেমিকার সাথে অভিমান করে চাঁদপুর শহরে প্রেমিক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত সোয়া ১১টায় চাঁদপুর শহরের ৩নং কয়লা ঘাট এলাকায়।
জানা যায়, লাকি বেগম ও হাসান খালাসির সুখি পরিবার। তাদের সংসারে ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। ছেলে নাঈম খালাসি (১৭) একই এলাকার কাদির হোসেন ও অঞ্জু বেগমের মেয়ে কাজলী আক্তারের (১৫) সাথে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এর মধ্যে কাজলি ও তার মা অঞ্জু বেগম প্রেমিক যুবক নাঈম খালাসিকে ঘটনার দিন গাল-মন্দ করে বলে জানায় লাকি বেগম। প্রেমিকা আর তার মায়ের গালমন্দ শুনে নাঈম মনে কষ্ট পেয়ে রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মুমুর্ষাস্থায় নাঈমকে রাতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। গতকাল সকালে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক শাহরিন হোসেন হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
নাঈমের মা লাকি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার একমাত্র ছেলেটারে অঞ্জু আর তার মেয়ে মেরে ফেলেছে। আমার ছেলের কি অপরাধ ছিল অঞ্জুর মেয়ের সাথে প্রেম করেছে। এই কি তার অপরাধ, আল্লাহ যেন অগ বিচার করে।

১৮ এপ্রিল, ২০২১।