চাঁদপুর প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ওচমান গনি পাটওয়ারী
স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তী উৎসব গত সোমবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় থেকে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য র্যালির
মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। সোয়া ৯টায় উদ্বোধন পর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী। অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খান। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন। পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লøাহ।
আলহাজ ওচমান গনি পাটওয়ারী তার বক্তব্যে বলেন, চাঁদপুর প্রেসক্লাব ও সাংবাদিকদের উন্নয়নে আমি সব সময় ছিলাম এবং আগামীতেও থাকবো। জেলা পরিষদের অর্থায়নে প্রেসক্লাবের চতুর্থতলার যে কাজ চলমান তা সম্পন্ন করতে আরো ২০ লাখ টাকা বরাদ্দ দেয়া হবে। আপনারা সরকারের উন্নয়ন চিত্র আরো বলিষ্ঠভাবে তুলে ধরবেন, এটা প্রত্যাশা করি।
এরপর সকাল ১০টায় শুরু হয় ফ্যামিলি ডে। বেলা আড়াইটায় অনুষ্ঠিত হয় সাংবাদিক সমাবেশ। বিকেল ৪টায় প্রেসক্লাব প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় সুবর্ণজয়ন্তীর আলোচনা পর্ব এবং সংবর্ধনা অনুষ্ঠান। সুবর্ণজয়ন্তীর উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
বিকেল ৪টায় একই মঞ্চে অনুষ্ঠিত হয় সংবর্ধনা ও সম্মাননা পর্ব। রাত ৮টায় অনুষ্ঠিত হয় চাঁদপুর প্রেসক্লাবের ২০২১ সালের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান। এ পর্বেও প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। এরপর রাতে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেন আমন্ত্রিত শিল্পীসহ স্থানীয় শিল্পীরা। রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। সর্বশেষ অনুষ্ঠিত হয় চাঁদপুর প্রেসক্লাবের ধারাবাহিক বার্ষিক কর্মসূচি ফ্যামিলি নাইট।
৭ জানুয়ারি, ২০২১।
