ফরিদগঞ্জের পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারীর আজ দায়িত্ব গ্রহণ

প্রায় ৩ কোটি টাকার দায়-দেনা নিয়ে

নবী নোমান
ফরিদগঞ্জ পৌরসভার ইতিহাসে আজ রোববার প্রথম একজন প্রবীণ মুক্তিযোদ্ধা ও বর্শীয়ান রাজনৈতিক নেতা হিসেবে খ্যাত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী মেয়রের দায়িত্ব গ্রহণ করছেন। ২য় শ্রেণির এই পৌরসভাটিতে কর্মকর্তা কর্মচারীদের ৭/৮ মাসের বেতন, ঠিকাদারদের বকেয়া ও একাউন্ট ঘাটতিসহ প্রায় ৩ কোটি টাকার দায় দেনা ও হাজারো সমস্যা মাথায় নিয়ে তিনি দায়িত্ব নিচ্ছেন।
পৌরসভার সচিব জানান, রোববার দুপুর ১২টায় নব নির্বাচিত মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীকে সাবেক মেয়র মাহফুজুল হক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব অর্পণ করবেন। দায়িত্ব প্রদান উপলক্ষে একটি সুধী সভা হতে পারে। নুতন মেয়র দায়িত্ব নেওয়ার সময় পৌরসভার আর্থিকসহ সার্বিক অবস্থায় বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে, তিনি তা এড়িয়ে যান। পরে তিনি, ফোনটি পৌরসভার ক্যাশিয়ারের দায়িত্বে থাকা, গিয়াস উদ্দীনের হাতে তুলে দেন। তিনিও এই বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, নবাগত মেয়র দায়িত্ব নেওয়ার পর, সংবাদ সম্মেলন করে পৌরসভার সার্বিক বিষয়ে জানাবেন।
পৌরসভার অপর একটি সূত্রে জানা গেছে, নবাগত মেয়র পৌরসভার কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ৭/৮ মাসের বেতন ভাতা, ঠিকাদারদের কাজের বকেয়া ও পৌরসভার বিভিন্ন একাউন্টের থাকা টাকার গড়মিল বা ঘাটতিসহ মোট প্রায় ৩ কোটি টাকার দায় দেনা মাথায় নিয়ে দায়িত্ব গ্রহণ করছেন।
গত বুধবার বিকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ সার্কিট হাউজ মিলনায়তনে নবনির্বাচিত ফরিদগঞ্জ পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ও সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলদের শপথ বাক্য পাঠ করান।
এসময় কাউন্সিলদের মধ্যে শপথ গ্রহণ করেন- সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১নং (১, ২, ৩) সংরক্ষিত ওয়ার্ডে কুসুম বেগম, ২নং (৪, ৫, ৬) ওয়ার্ডে খতেজা বেগম এবং ৩নং (৭, ৮, ৯) ওয়ার্ডে সেলিনা আক্তার যুথী।
সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আমিনুল হক, ২নং ওয়ার্ডে আবুল হাসেম, ৩নং ওয়ার্ডে জায়েদ হোসেন, ৪নং ওয়ার্ডে আবদুল মান্নান পরান, ৫নং ওয়ার্ডে জাহিদ হোসেন, ৬নং ওয়ার্ডে মাজহারুল আলম, ৭নং ওয়ার্ডে মোহাম্মদ হোসেন, ৮নং ওয়ার্ড জাকির হোসেন গাজী ও ৯নং ওয়ার্ড মো. সাজ্জাদ হোসেন টিটু।
শপথ অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহার অনি, যুব মহিলা লীগের সভাপতি সুলতানা রাজিয়া দীপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন, যুগ্ম সম্পাদক রাজীব মজুমদার, রবিউল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আলমগীর পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী প্রমুখ।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ফরিদগঞ্জ পৌরসভার মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী নৌকা মার্কা নিয়ে নির্বাচিত হন।
১৪ মার্চ, ২০২১।