ফরিদগঞ্জের বৈচাতরী গ্রামে যুবকের করোনা, গ্রাম লকডাউন

ফরিদগঞ্জ ব্যুরো
নারায়নগঞ্জে একটি প্রাইভেট হাসপাতালের কর্মচারী ৩০ বছরের এক যুবক ক’দিন আগে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের বৈচাতরীতে তার নিজের গ্রামে আসে। আসার পর থেকে সে জ্বর-সর্দিতে আক্রান্ত হয়। সন্দেহ হলে পরে তার নমুনা আইইডিসিআর পাঠানো হয়।
এর আগে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) তাকে চাঁদপুর ২৫০ শয্যা মেডিক্যালে আইসোলেশনে রাখা হয়। গতকাল শুক্রবার আসা নমুনা পরীক্ষায় তার করোনা টেস্ট পজেটিভ আসায় পুরো গ্রামে আতংক ছড়িয়ে পরে। তাৎক্ষণিক উপজেলা প্রশাসন ওই গ্রামকে লকডাউন ঘোষণা করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মেস্ত্রী বাড়ির চারদিকে লাল নিশানা টানিয়ে দেন।
উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি জানান, বৈচাতরী গ্রামের যুবক করোনা আক্রান্ত হয়ে নারায়গঞ্জ থেকে সে বাড়ি আসে। শুক্রবার তার নমুনা রিপোর্ট পজেটিভ আসায় উপজেলা প্রশাসন পুরো গ্রাম লকডাউন ঘোষণা করে।
একই সাথে তার পরিবার ও বাড়ির সবাইকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্টদের ওই পরিবারের প্রয়োজনী খাদ্য সামগ্রী সরবরাহ করার নির্দেশও দিয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল গনি বাবুল পাটওয়ারী জানান, মেস্ত্রী বাড়ির ওই যুবক নারায়নগঞ্জে একটি প্রাইভেট হাসপাতালে কর্মচারী হিসেবে কর্মরত ছিল। গত ১০/১২ দিন আগে সে জ্বর নিয়ে বাড়ি আসে। বাড়ির লোকজন তাকে করোনায় আক্রান্ত হয়েছে সন্দেহ হলে তার নমুনা আইইডিসিআর পাঠানোর পর শুক্রবার করোনা টেস্ট পজেটিভ আসে।
এর আগে গত মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়। আমরা উপজেলা ও জেলা প্রশাসনের নির্দেশমতে তাৎক্ষণিক প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা নেই।

১৭ এপ্রিল, ২০২০।