ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

আ. ছোবাহান লিটন
ফরিদগঞ্জে গভীর রাতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার (১১ জুন) গভীর রাতে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তুমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করে ফরিদগঞ্জ থানা পুলিশ।
সরেজমিনে জানা যায়, ওই এলাকার সাবেক ইউপি সদস্য মো. আমিন হোসেনের ছেলে শিপন গাজী প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া করে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং শিপন গাজীর ঘরে থাকা আসবাবপত্র, ঘরের পাশের ফল-ফলাদি গাছসহ ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী শিপন ও তার পরিবার।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত শিপন গাজী জানান, এলাকায় একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে শত্রুতা পোষণ করে আসছে। রাতের আঁধারে কে বা কারা আমার ঘরে আগুন দিয়েছে আমরা তা দেখি নাই। তারা প্রায়ই বিভিন্নভাবে আমাদের হুমকি-ধমকি দিত। ঘটনার দিন দুপুরে আমাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে একটি সাজানো মানববন্ধন করে। আমি মনে করি ওই মানববন্ধনই আমাদের বসতঘরটি পোড়ানোর কৌশল হিসেবে ব্যবহার করেছে ওই চক্রটি। এর আগে আমাদের ঘর আগুনে জ¦ালিয়ে দিবে বলে হুমকি দিয়েছে। পরে ওইদিন রাতেই এ ঘটনা। তারাই আমাদের বসতঘরটি আগুনে পুড়িয়ে দিয়েছে বলে আমাদের সন্দেহ।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানিয়েছেন, আগুনে ঘর পুড়িয়ে দেয়া একটি দুঃখজনক ঘটনা। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে কে বা কারা জড়িত, তদন্তেই সত্যতা বেরিয়ে আসবে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।

১৪ জুন, ২০২১।