রুহুল আমিন খান স্বপন
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রাামে সর্বনাশা আগুন কেড়ে নিল মমতাজ বেগমের সর্বস্ব। পুড়ে ছাই হয়ে গেল সদ্যনির্মিত বসতঘরটি। এ সময় ঘরের থাকা ব্যবহৃত আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে যায়। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঐ ঘরের মালিকের ছেলে মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, পূর্ব শত্রুতা জের ধরে কেউ তাদের এমন সর্বনাশ করেছে। তার মা মমতাজ বেগম বলেন, ধার করে এনে ৫ লাখ টাকা ব্যয় করে নতুন বসতঘরটি নির্মাণ করেছি। আর তা কেড়ে নিল আগুন। ঘটনার রাতে পাশের ভোটাল গ্রামের মেয়ের বাড়িতে ছিলেন গৃহবধূ মমতাজ বেগম (৫০)। তার একমাত্র ছেলেও বাড়িতে ছিলেন না।
ওয়াজি উল্যাহ নামে এক প্রতিবেশী জানান, একা নির্জন বাড়ি হওয়ায় আগুনের ঘটনায় কেউ টের পায়নি। ফলে মুহূর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে বসতঘর পুড়ে যাওয়ার কারণ খুঁজতে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রকিব জানান, নাশকতা নাকি অন্যকিছু তা খতিয়ে দেখছে পুলিশ।
