সংক্রমন দ্রুত ছড়িয়ে পড়ছে
ফরিদগঞ্জ ব্যুরো
করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ফরিদগঞ্জে পাল্লা দিয়ে বাড়ছে। খুব দ্রুত করোনা সংক্রমন ছড়িয়ে পড়ছে। সর্বশেষ রোববার (২৪ মে) দুপুরে ২০টি রিপোর্টের মধ্যে ১০টি’ই পজেটিভ আসে। এ নিয়ে ফরিদগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫ জনে।
এর আগে শনিবার আসা একটি রিপোর্টে ঔষধ কোম্পানীর এক প্রতিনিধির পজেটিভ আসে। দ্রুত করোনা সংক্রামন ছড়িয়ে পড়ায় আতংকগ্রস্ত হয়ে পড়ছে সাধারণ মানুষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ১শ’ ২৬ জনের। এর মধ্যে রোববার পর্যন্ত রিপোর্ট এসেছে ১শ’ জনের। এছাড়া অন্যত্র থেকে আরো একটি রিপোর্ট আসে। এখনো পেন্ডিং রয়েছে ২৫ জনের। রোববার আসা রিপোর্টে ১০ জনের মধ্যে করোনা আক্রান্ত গোবিন্দপুর উত্তর ইউনিয়নের স্বাস্থ্যকর্মী একজনের পরিবারের ৩ সদস্যদের এবং মৃত্যুবরণ করা শাহআলম পাটওয়ারীর পরিবারের ৩ সদস্যের পজেটিভ রিপোর্ট আসে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্টাফের ভাই, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিকের পজেটিভ আসে।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী জানান, আমরা প্রতিদিন সন্দেহভাজনদের নমুনা সংগ্রহের চেষ্টা করছি। নমুনা পরীক্ষায় পজেটিভ আসাদের আইসোলেশনে থাকার জন্য পরামর্শ দিয়ে তা’ নিশ্চিত করছি।
২৫ মে, ২০২০।
