ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে পৃথক দু’টি ঘটনায় এক শিশু ও এক কিশোরের নির্মম মৃত্যুর ঘটনা ঘটেছে। শিশু আঁখি গলায় ওড়নার ফাঁস লেগে এবং কিশোর আসিফ বন্ধুদের সাথে তাজা ইলিশ খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। ঘটনা দু’টি ঘটেছে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে পৌর এলাকা ও উপজেলার আইলের রাস্তা নামক স্থানে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের তপাদার বাড়ির আলমগীরের শিশু মেয়ে ফরিদগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আঁখি ইউটিউবে ‘বিমু শোভা’ নামক নাট্য সিরিয়ালে ফাঁস দিয়ে আত্মহত্যার দৃশ্য দেখে। নাটকের আদলে ফাঁস দিয়ে আত্মহত্যার অভিনয় করতে গিয়ে তার নির্মম মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা।
নিহতের দাদী নূরজাহান জানিয়েছেন, গৃহস্থালী কাজ থেকে ঘরে ফিরে আঁখির মা জান্নাত বেগম ঘরের দরজা বন্ধ অবস্থায় পান। জানালা দিয়ে উঁকি দিয়ে তিনি আঁখিকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আঁখিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করে। ফরিদগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
অপরদিকে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্নি দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেন ছোট ছেলে আসিফ (১৯) বৃহস্পতিবার তার বন্ধুদের নিয়ে ৩টি মোটর সাইকেলে করে চাঁদপুর সদর উপজেলার হরিণা এলাকায় তাজা মেঘনার ইলিশ খেতে যায়। ইলিশ খেয়ে বাড়ি ফিরার পথে ফরিদগঞ্জ উপজেলার আইলের রাস্তায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
আসিফের বন্ধু জাহিদুল ইসলাম জানান, তাজা ইলিশ মাছ ভেজে খাওয়ার জন্য সকালে বাড়ি থেকে ৩টি মোটর সাইকেলে ৬ জন বন্ধু মিলে চাঁদপুরের হরিনা এলাকায় যাই। সবাই মিলে সেখানের রেস্টুরেন্টে ইলিশ মাছ খেয়ে বাড়ি ফেরার পথে ফরিদগঞ্জে আইলের রাস্তার মাথায় দুর্ঘটনা ঘটে।
জাহিদ জানায়, মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায় তারা। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করে।
১৯ জুলাই, ২০২০।
