নুতন ৩ জনসহ মোট আক্রান্ত ২৯
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে করোনাভাইরাসের লক্ষণ নিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যেই স্বাস্থ্য বিভাগ মৃতদের নমুনা সংগ্রহ করেছেন। এদিকে বৃহস্পতিবার (২৮ মে) ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত আরো ৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। ফরিদগঞ্জে এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা মোট ২৯ জন।
জানা গেছে, গত ২৬ মে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর গ্রামের আবুল কাশেম (৬৫) করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। পরে তার স্বজনরা স্বাস্থ্য বিভাগকে সংবাদ দিলে তারা এসে নমুনা সংগ্রহ করে। এর আগে গত ২৪ মে রাতে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর গ্রামের সিংহের বাড়ির বাবুল মিয়া (৫৫) নামে একজন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। পরদিন ২৫ মে ঈদের দিন স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেন।
এদিকে করোনা আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় কন্ট্রাক্ট ট্রেসিংয়ে কোন লক্ষণ না পাওয়া যাওয়ায় এবং করোনা আক্রান্ত ব্যক্তি বা তাদের পরিবারের সদস্যরা বিধি-নিষেধ না মেনে বিভিন্ন স্থানে যাতায়াত করায় ফরিদগঞ্জে কমিউনিটিং ট্রান্সমিশন হওয়ার আশংকা ব্যক্ত করেছেন স্বাস্থ্য বিভাগের লোকজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী জানান, গত ৬ দিন আগে ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের হিসাব শাখায় কর্মরত জসিম উদ্দীন (৫৫), তার স্ত্রী শামছুর নাহার (৪৬) এবং লাইনম্যান রইস উদ্দীনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার (২৮ মে) তাদের করোনা রিপোর্ট পজেটিভ আসে। তাদের তিন জনের গ্রামের বাড়ি ফরিদপুর ও রাজশাহী। তারা পৌরসভার কাছিয়াড়া এলাকায় একটি ভবনে ভাড়া থাকেন।
স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের কঠোর আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
২৮ মে, ২০২০।
