নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে আয়েশা আক্তার মানিক (৪৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিণ বদরপুর গ্রামে সোমবার রাতে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছে। গৃহবধূ আয়েশা আক্তার মানিক ঐ গ্রামের আফতাব উদ্দিন পাটওয়ারী বাড়ির তুহিন পাটওয়ারীর স্ত্রী।
জানা গেছে, দক্ষিণ বদরপুর গ্রামের মৃত আবদুর রশিদ পাটওয়ারীর ছেলে মো. তুহিন পাটওয়ারীর সাথে একই ইউনিয়নের রুস্তমপুর গ্রামের হাবীব উল্যা পোদ্দারের মেয়ে আয়েশা আক্তার মানিকের বিয়ে হয়। তাদের আসমা আক্তার নামে ৩ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। আয়েশা তার শিশু কন্যা ও স্বামীসহ একা বাড়িতে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, ঘটনার দিন আয়েশার স্বামী তার শিশু কন্যাকে বাড়ি থেকে অন্যস্থানে নিয়ে যাওয়ার সময় এলাকার মানুষের সন্দেহ হলে মানুষ-জন বাড়িতে এসে দেখে আয়েশার মৃতদেহ বিছানায় পড়ে আছে।
অপরদিকে, আয়েশার স্বামী তুহিন পাটওয়ারী দাবি করছেন, তার স্ত্রী সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষনিক সিলিং ফ্যানের থেকে নিজে নামিয়ে বিছানায় শুইয়েছেন।
এদিকে গৃহবধূ আয়েশার মৃত্যু আত্মহত্যা নাকি তাকে হত্যা করা হয়েছে- স্থানীয়দের মাঝে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য মমিন উল্যাহ পাটওয়ারী জানান, তুহিন পাটওয়ারী ইতোপূর্বে প্রবাসে থাকাবস্থায় তার প্রথম স্ত্রী ৩টি কন্যা সন্তানের জননীও রহস্যজনক মৃত্যুবরণ করেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, সংবাদ পেয়ে সোমবার রাতে আয়েশার মৃতদেহ উদ্ধার করে মঙ্গলবার সকালে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
২৪ নভেম্বর, ২০২১।
