ফরিদগঞ্জে গৃহবধূ ধর্ষণে অভিযুক্ত যুবক আটক

নারায়ণ রবিদাস
ফরিদগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে জুয়েল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করছে পুলিশ। থানায় মামলা দায়েরের পর পুলিশ তাকে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করে।
জানা গেছে, উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামের ছৈয়াল বাড়ির প্রবাসীর স্ত্রী, এক সন্তানের জননীকে গত শনিবার রাতে একই বাড়ির জুয়েল হোসেন কৌশলে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনাটি ওই গৃহবধূর প্রবাসীর স্বামীকে জানালে তিনি স্থানীয় ইউপি সদস্যসহ অন্যদের জানাতে বলেন। সেখানে কোন সুরাহা না হওয়ায় দুইদিন পর গত সোমবার ওই গৃহবধূ থানায় এসে লিখিত অভিযোগ করেন। পরে থানা পুলিশ লিখিত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে অভিযুক্ত জুয়েল হোসেনকে সোমবার রাতে লাউতলী গ্রাম থেকে আটক করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব জানান, মামলাটি আমলে নিয়ে অভিযুক্তকে আটক করে মঙ্গলবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
২৩ সেপ্টেম্বর, ২০২০।