নারায়ন রবিদাস
ফরিদগঞ্জ থানা পুলিশ গতকাল মঙ্গলবার সকালে কুসুম বেগম (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে। কুসুম বেগম ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরবড়ালি গ্রামের হারুনুর রশিদের মেয়ে ও এক সন্তানের জননী। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক আনিছুজ্জামান জানান, সোমবার গভীর রাতে কুসুম বেগম তার বাবার বাড়ির পাশে একটি জাম্বুরা গাছের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মুন্নি আক্তার নামে তার তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
তবে তার পরিবারের লোকজন জানায়, সে তালাকপ্রাপ্তা ছিলো। ইদানিং সে লিটন হোসেন নামে এক ছেলের সাথে প্রেমে জড়িয়ে পড়ে এবং প্রতারণার শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।
