ফরিদগঞ্জে চুরি হওয়া এজেন্ট ব্যাংকের ৬ লাখ টাকা উদ্ধার

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের উপর অবস্থিত ফকির বাজারের ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকের ২ দিন আগে চুরি হওয়া ৬ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমকর্মীদের কাছে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন টাকা উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, গত ১১ জুন গভীর রাতে উপজেলার ফকির বাজার এলাকায় হাজীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে পুলিশ ফোর্স অভিযান করে ফকির বাজারের ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংক শাখার প্রায় একশ’ গজ পিছনে পূর্ব দিকে উচু জমিতে গর্তের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ লাখ টাকা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এসআই জামাল ও স্থানীয় দফাদার শাহজাহান।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, উদ্ধার অভিযান ও তল্লাশীকালে দফাদার শাহজাহান নিজ হাতে টাকাগুলো পরিত্যক্ত অবস্থায় একটি ঝোপের মধ্যে থেকে উদ্ধার করেন। চুরির সঙ্গে জড়িতদের দ্রুত আটক করা হবে।
উল্লেখ্য, গত বুধবার (৯ জুন) রাতে যে কোন সময় ব্যাংকের টয়লেটের ভ্যান্টিলেটর ভেঙে চোর চক্র ভিতরে ঢুকে নগদ ৬ লক্ষ টাকা, এছাড়া ব্যাংকে গ্রাহকের বিদ্যুৎ বিলের অর্থসহ সিসি ক্যামেরা ও সিসি ক্যামেরার ডিবিআর মেশিনটিও চোর চক্র খুলে নিয়ে যায়। পরদিন এজেন্ট ব্যাংক খোলার পর অফিসের লোকজন অফিসের কাগজপত্র এলোমেলো ও ক্যাশের ড্রয়ার খোলা অবস্থায় দেখতে পায়।

১৩ জুন, ২০২১।