ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে জেএসসি গণিত পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীর খাতায় লিখে দেয়ার অভিযোগে পরীক্ষার্থী সুবর্ণা আক্তার ও হল পরিদর্শক শিক্ষক সফিকুর রহমানকে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বহিস্কার করেছেন। গত ১৪ নভেম্বর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডিএইচ ফাজিল মাদ্রাসার কেন্দ্রে বহিষ্কারের ঘটনাটি ঘটে। এসময় আরো ৫ জন শিক্ষার্থীর পরীক্ষা বন্ধ করে দেন তিনি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, গোবিন্দপুর ইউনিয়নের ডিএইচ ফাজিল মাদ্রাসার কেন্দ্রে পরীক্ষা চলাকালীন অবস্থায় গোবিন্দপুর ছালেহিয়া মহিলা মাদ্রাসার শিক্ষার্থী সুবর্ণা আক্তারে খাতায় হল পরিদর্শক ও হর্ণি দুর্গাপুর তাহেরীয়া দাখিল মাদ্রসার শিক্ষক সফিকুর রহমান নিজে লিখে দিচ্ছেন। এমন দৃশ্য দেখে তিনি তাৎক্ষণিক ওই পরীক্ষার্থী ও হল পরিদর্শককে বহিষ্কার করেন। একই সাথে আশপাশের অপর ৫ পরীক্ষার্থীর তাৎক্ষণিক পরীক্ষা বন্ধ করে দেয়া হয়।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার মো. আলী আফরোজ জানান, পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীর খাতায় লিখে দেয়ার অভিযোগে তাকে আগামি দুই বছরের জন্য কোন পরীক্ষা দায়িত্ব না দেয়া ও বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়।
