উন্নয়ন চাইলে পুনরায় আ.লীগকে ক্ষমতায় আনতে হবে
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ পৌরসভায় ভর্তুকি মূল্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সারাদেশে এক কোটি ফ্যামিলি কার্ডধারী নি¤œআয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।
চলমান টিসিবিপণ্য বিক্রির স্থান পরিদর্শন হিসেবে গত বৃহস্পতিবার সকালে কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ও ভাটিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভর্তুকি মূল্যে টিসিবিপণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
পরিদর্শনকালে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় সাধারণ মানুষ আজ নানা ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। এত সুযোগ-সুবিধা আগের কোনো সরকার দিতে পারেনি। এ সরকার ক্ষমতায় থাকলে জনগণের স্বার্থে সুযোগ সুবিদা অব্যাহত থাকবে। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারের মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানাই। বর্তমান সরকারের আমলে টেকসই উন্নয়নগুলো সারাদেশে যেভাবে হয়েছে, এর আগে কখনও হয়নি। এ সরকার ছাড়া বাংলাদেশের উন্নয়নের চিন্তাও করা যায় না। জনগণের ভাগ্য পরিবর্তন করে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার অগ্রণী ভূমিকা রয়েছে। আর বর্তমান দেশের উন্নয়নের গতিশীলতা জনগণের কাছে দৃশ্যমান। দেশের জনগণের উন্নয়ন চাইলে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রনেতা রাজিব মজুমদার, শাখাওয়াত হোসেন মিন্টু, শরীফ মৃধা, সজিব হোসেন প্রমুখ।
প্রতিটি ফ্যামিলি কার্ডে চিনি ১ কেজি ৬০ টাকা, মশুর ডাল ২ কেজি ৭০ টাকা, ছোলা ১ কেজি ৫০ টাকা ও সয়াবিন তেল ২ লিটার ১৯০ টাকা দরে মোট ৪৭০ টাকায় মিলবে এবারের টিসিবি প্যাকেজ।
০৮ এপ্রিল, ২০২৩।
