ফরিদগঞ্জ ব্যুরো
বিয়ে বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে চাঁদপুর-ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কাভার্ড ভ্যান এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোরশেদ পাটওয়ারী (৩০) নামে ১ সিএনজি চালক নিহত ও একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিকেলে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের ধানুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোরশেদ পাটওয়ারী চাঁদপুর সদর উপজেলার মহামায়া মান্দারী গ্রামের মোস্তফা পাটওয়ারীর ছেলে। এছাড়া আহত অন্য তিন যাত্রী হলেন মালেক (৪০), স্ত্রী রুনু বেগম (৩৫) ও ছেলে মেহেদী (৭)। এদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহত যাত্রীরা ফরিদগঞ্জ উপজেলা থেকে বিয়ের দাওয়াত খেয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন। তাদের বহনকৃত সিএনজিটি ধানুয়া এলাকার ভাড়মন্দ মোড় এলাকায় আসলে চাঁদপুর থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে সিএনজি স্কুটারটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তারা দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন।
স্থ্ানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হক সিএনজি চালক মোরশেদ পাটওয়ারীকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত ৩ আরোহীর অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানিয়েছেন, সড়কে দুর্ঘটনার খবর পেয়ে আমি পুলিশ পাঠিয়েছি। কাভার্ড ভ্যানটি থানা হেফাজতে রাখা হয়েছে। কাভার্ড ভ্যানের ড্রাইভার পালিয়ে গেছে। থানায় কোন মামলা হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো কেউ কোন অভিযোগ অথবা মামলা করেনি।
৩০ নভেম্বর, ২০২০।
