ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা শনিবার (৫ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। প্রদর্শনী মেলার প্রধান আকর্ষণ ছিলো দু’টি উট পাখি ও একটি ঘোড়া। উক্ত মেলা সম্পাদন করতে সরকারিভাবে আড়াই লাখ টাকা বরাদ্দ থাকলেও দায়সারা গোচের আয়োজনে ঐ মেলায় কাক্সিক্ষত দর্শকদের উপস্থিতি দেখা যায়নি।
তবে প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তা জ্যোতির্ময় বলেন, মেলার খরচের জন্য আড়াই লাখ টাকা নয়, সরকারিভাবে দেড়লাখ টাকা বরাদ্দ রয়েছে। মূলত বৈরী আবহাওয়ার কারণে মেলায় দর্শকদের উপস্থিতি ছিল কম।
প্রাণি মেলায় ঘুরে দেখা যায়, স্টল রয়েছে ৩১টি। বিভিন্ন স্টলে হাতেগোনা কয়টি গরু ছাগল, হাঁস-মুরগী-খরগোশসহ বিভিন্ন প্রাণি থাকলে মেলাটির মূল আকর্ষণ ছিল দু’টি মূল্যবান উট পাখি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী মোজাম্মেলের সখের বশে পালিত একটি কালো রঙয়ের ঘোড়া। মেলায় আগত কিছু দর্শক বিশেষ করে উটপাখি ও ঘোড়ার সাথে ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিলেন।
মেলায় আগত দর্শক তছলিম ভেন্ডারসহ কয়জন তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, দায়সারা গোচের আয়োজনে মেলায় হাতেগোনা কয়টি প্রাণি ছাড়া কাক্সিক্ষত প্রাণির সমাগম নেই। দর্শকদের উপস্থিতিও করতে ব্যর্থ হয়েছে প্রাণিসম্পদ দপ্তর।
মেলায় আনা দু’টি উটপাখির মালিক এ উপজেলার চান্দ্রা এলাকার জহিরুল ইসলাম বলেন, তিনি সখের বশে উটপাখি লালন-পালন করছেন। রয়েছে তার উটপাখির খামারও। মেলায় আনা প্রতিটি উটপাখির ওজন হবে প্রায় ৭০/৮০ কেজি। প্রতিটি উট পাখির বর্তমান বাজার মূল্যে প্রায় ২ লাখ টাকা বলে দাবি করছেন তিনি। সৌখিন ভোজন বিলাসীরাই এই উটপাখির মাংস খেতে পছন্দ করেন বলে জানিয়েছে ওই দুটি উটপাখির মালিক জহির।
এই মেলার আয়োজন নিয়ে ফরিদগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তা জ্যোতির্ময় বলেন, মূলত বৈরী আবহাওয়ার কারণে আজকের প্রাণিসম্পদ মেলায় দর্শকদের উপস্থিতি ছিল কম। এখানে দায়সারা গোচের কোন আয়োজন করা হয়নি বলে ওই কর্মকর্তা দাবি করছেন।
০৬ জুন, ২০২১।
