ফরিদগঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে বসতঘর পুড়ে ছাই

আবু তালেব সরদার
ফরিদগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ গ্রামে গত বুধবার রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ঘরের মালিক খুশিদা বেগম (৭০) বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। এতে বড় ছেলের বউ মাজুদা বেগম (৩৮) ও ছোট মেয়ের জামাই মো. রাব্বি (৩৫) কে বিবাদী করা হয়েছে। অভিযোগ পেয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক মুহাম্মদ সেলিম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় উপ-পরিদর্শক মোহাম্মদ সেলিম মিয়া বলেন, আগুনে ঘর পুড়ে দেওয়া একটি দুঃখজনক ঘটনা। অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে কে বা কারা জড়িত তদন্তেই সত্যতা বেরিয়ে আসবে।
অভিযোগ দাখিলকারী খুশিদা বেগম বলেন, কে বা কারা রাতের আধাঁরে আমার চৌচালা টিনের ঘরে আগুন দিয়েছে আমরা তা দেখি নাই। ওইদিন বাড়িতে আমরা কেউ ছিলাম না। আমাদের সাথে উল্লেখিত বিবাদীদের সাথে জমি সংক্রান্ত এবং পারিবারিক অন্যান্য বিষয় নিয়ে বিরোধ চলছে। তারা প্রায়ই বিভিন্নভাবে আমাদের হুমকি-ধমকি দিত। ঘটনার কয়েক দিন আগে রাব্বি আমার ছোট মেয়ের কাছে ফোন দিয়ে বলছে তোকে এবং তোর মাকে আগুন দিয়ে পুড়িয়ে মারবো। তারাই আমাদের টিনের চৌচালা বসতঘরটি আগুনে পুড়িয়ে দিয়েছে বলে আমাদের সন্দেহ।
এই বিষয়ে ভুক্তভোগী খুরশিদা বেগম আরো জানান, ঘরের ভিতরে থাকা নগদ ৪০হাজার টাকা, ফ্রিজ ও বিভিন্ন আসবাবপত্রসহ পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

১৩ মার্চ, ২০২২।