ফরিদগঞ্জে নৌকার সমর্থনে শফিক-রোমান-মাহফুজের পদযাত্রা

ফরিদগঞ্জ ব্যুরো
দীর্ঘদিনের মান-অভিমান ভুলে সব বাঁধা ডিঙ্গিয়ে আওয়ামী লীগের প্রতিক নৌকার হয়ে মাঠে নামলেন উপজেলা পরিষদের সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের সাথে নৌকার সমর্থনে উপজেলা সদরে পদযাত্রা করেছেন নেতাকর্মীরা।
এসময় তিনিসহ পদযাত্রায় অংশ নেয়া অন্যরা হলেন- আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহ্মেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সাউদ, জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন, বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আহছান হাবিব মামুন, পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু, সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, পৌর যুবলীগের যুগ্মআহ্বায়ক এসএম সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকী বিল্লাহ সোহাগ প্রমুখ।
এদিকে নৌকার পক্ষে ফরিদগঞ্জের নির্বাচনী মাঠে নামার কারণ ব্যাখা করতে গিয়ে জাহিদুল ইসলাম রোমান বলেন, নির্বাচনে নৌকার জন্য মনোনয়ন চেয়েছি। স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। তবে তা দলের বিরুদ্ধে গিয়ে নয়। আমি ও আমার পরিবার আজন্ম আওয়ামী লীগের অনুসারি। কখনই আমরা নৌকার বিরুদ্ধে যাইনি, তাই যাওয়ার প্রশ্নই উঠে না। এবারও আমাদের দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে আগামি জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে নির্বাচনের মাঠে রয়েছি।
জাহিদুল ইসলাম রোমানকে স্বাগত জানিয়ে মুহম্মদ শফিকুর রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, যাদের রক্তে আওয়ামী লীগ ও নৌকার শ্লোগান গেঁথে রয়েছে, তারা কখনই নির্বাচনে নৌকার বাইরে থাকতে পারে না। আজও আবার প্রমাণ হলো, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সদ্যসাবেক চেয়ারম্যান ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক গণপরিষদ সদস্য অ্যাড. সিরাজুল ইসলাম পাটওয়ারী আজীবন আওয়ামী লীগের জন্য কাজ করেছেন। তারই সুযোগ্য সন্তান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান। বঙ্গবন্ধুর নৌকা, আজ শেখ হাসিনার নৌকা। তিনি আমাকে নৌকা দিয়ে পাঠিয়েছেন। এই নৌকাকে তীরে ভিঁড়ানোর দায়িত্ব রোমানেরও রয়েছে। স্বাধীনতার প্রতিক নৌকা এবারোও ফরিদগঞ্জে জয়ী হবেই। মুজিব আদর্শের সৈনিকরা মাঠে নামাই তার প্রমাণ।

২৪ ডিসেম্বর, ২০২৩।