ফরিদগঞ্জে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে

৫ লাখ টাকার পশু খাদ্য বিনষ্ট

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে পশুখাদ্য বহনকারী একটি পিকআপ ভ্যান উল্টে পুকুরে পড়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার মুরগি ও গরুর খাদ্য বিনষ্ট হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কুমিল্লা থেকে মুরগী ও গরুর খাদ্য নিয়ে একটি পিকআপ ভ্যান ফরিদগঞ্জের উদ্দেশে সকাল ৮টার দিকে রওয়ানা দেয়। পিকআপ ভ্যানটি ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের আনন্দ বাজারের কাছাকাছি আসলে একটি অটো বাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এসময় গাড়ির চালক মো. কিবরিয়া ও হেলপার অল্পের জন্য বেঁচে যায়।
পশুখাদ্যের মালিক মাসুদ জানান, মালের গাড়ি সময়মত না আসাতে পিকআপের খোঁজে বের হই, আনন্দ বাজারের কাছাকাছি পথিমধ্যে একজন বলে সামনে একটি পিকআপ ভ্যান এক্সিডেন্ট হয়েছে, ঘটনাস্থলে এসে দেখি আমাদের মুরগী ও গরুর খাদ্য নিয়ে পিকআপ ভ্যানটি পুকুরের মধ্যে ভাসছে, ড্রাইভার পুকুরের অপর পাশ দিয়ে উঠে চলে যায়। তারা জানান, মুরগী ও গরুর খাদ্য ছিল ২০০ বস্তা, যার মূল্য প্রায় ৪ লাখ ৮২ হাজার টাকা।
ঘটনাস্থলে থাকা স্থানীয় খোকা মজুমদার বলেন, ব্যাটারীচালিত অটো রিক্সা ফরিদগঞ্জ থেকে ও কড়ৈতলী চৌরাস্তার দিকে এবং পিকআপ ভ্যানটিও পাশাপাশি আসছিল। অটো রিক্সাটিকে ওভারটেক করার সময় পিকআপ ভ্যানটি পুকুরে পড়ে যায়। পরে ড্রাইভার আর হেলপার পুকুর থেকে উঠে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন জানান, পিকআপ ভ্যানটির দ্রুতগতিতে অটো-রিক্সাকে ওভারটেক করতে গিয়ে এক্সিডেন্ট করে।
গাড়ির চালক মো. কিবরিয়া মুঠো ফোনে আমার কোন দোষ ছিল না। বেশি মালের কারণে এ দুর্ঘটনা ঘটে। আমি ঠিকমত গাড়ি চালিয়েছি। ভয়ে গাড়ি রেখে আমি আর হেলপার হাজীগঞ্জে চলে আসি।
১১ আগস্ট, ২০২১।