ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। গত শনিবার রাতে এশার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে শফিকুর রহমান উকিল (৬০) নামে এক ব্যক্তিকে উপজেলার ফরিদগঞ্জ-চান্দ্রা সড়কের বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও এলাকায় একটি দ্রুতগামী মোটর সাইকেল ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে গতকাল রোববার সকালে ফরিদগঞ্জ-চাঁদপুর সড়কের ফরিদগঞ্জ সেতু এলাকায় একটি দ্রুতগামী যান অজ্ঞাতনামা এক মানসিক প্রতিবন্ধী (৫৫) কে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
