ফরিদগঞ্জে প্রার্থী হচ্ছেন আ.লীগের মনোনয়ন বঞ্চিত ৩ হেভিওয়েট

নুরুন্নবী নোমান
আওয়ামী লীগ থেকে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন মোট ১৮ জন প্রার্থী। কিন্তু মনোনীত করেছেন বর্তমান সংসদ সদস্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান। ফলে মনোনয়ন বঞ্চিতদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামার ঘোষণা দিয়েছেন ৩ হেভিওয়েট প্রার্থী। ইতোমধ্যেই তাঁরা ৩ জন মনোনয়ন বঞ্চিত হয়ে নির্বাচন অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
ইতোমধ্যে ৩ হেভিওয়েট প্রার্থী বা বিদ্রোহী নেতা দলীয় মনোনয়ন না পেয়ে মাঠে নেমে পড়েছেন ও মনোনয়নপত্র কিনেছেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদ্য পদ্যত্যাগ করা ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম এবং কাতারস্থ আওয়ামী লীগের সহ-সভপতি বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি জালাল আহমেদ।
এদিকে দলীয় প্রার্থী ঘোষণার পরও কেন স্বতন্ত্র নির্বাচন করছেন এমন প্রশ্নের জবাবে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার পক্ষে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার বলেন, দলীয় মনোনয়ন দেয়া হলেও দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের সমাবেশে ঘোষণা দিয়েছেন অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য। সেখানে স্বতন্ত্র প্রার্থী হলেও কোন আপত্তি নেই। তাছাড়া দলীয় মনোনয়ন নিয়ে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগসহ সব অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মনক্ষুণ্ন। তাই তাদের দাবির কারণে এবং অংশগ্রহণমূলক নির্বাচনে ভোটার উপস্থিতির নিশ্চিতের মাধ্যমে এই আসনটি জনগণের নেতা শামছুল হক ভূঁইয়াকে সংসদে পাঠানোর জন্য আমরা তাকে স্বতন্ত্র প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছি।
অপরদিকে সদ্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করা অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের পক্ষে উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তছলিম জাহিদুল ইসলামের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার নিশ্চিত করেছেন।
কাতারস্থ আওয়ামী লীগের সহ-সভপতি বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি জালাল আহমেদের পক্ষে তার বোন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের কথা নিশ্চিত করে বলেন, গত দুই যুগ ধরে আমার ভাই ও আমার পরিবার উপজেলাবাসীর জন্য কাজ করে চলেছি। সরকারের পাশপাশি গরীব ও দুঃস্থ লোকজনের পাশে দাঁড়িয়েছি। আওয়ামী লীগ থেকে দলীয় মনোয়ন না পেলেও আমরা জনগণের উপর বিশ^াসী। সেই লক্ষ্যে আমার ভাই সিআইপি জালাল আহমেদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।

২৯ নভেম্বর, ২০২৩।